
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের রেস্টহাউসে কিছুদিন সময় কাটিয়েছিলাম বন বিভাগের সঙ্গে গবেষণাকাজের জন্য। বিকেলের আলো শেষে যখন সন্ধ্যা নামত, ঠিক তখনই কাঠুরিয়ার কাঠ কাটার শব্দের মতো চৌঙ্ক-চৌঙ্ক-চৌঙ্ক করে একনাগাড়ে অনেকক্ষণ ডেকে যেত পাখি। অন্ধকারের জন্য পাখিটাকে দেখা যেত না। প্রতিদিন সন্ধ্যা নামলেই চার থেকে পাঁচটি পাখি ডেকে ডেকে চারদিক সজাগ করে দিত। রাত বাড়লে ডাকাডাকির শব্দটা কমে যেত। ভোররাতে ঘুম ভেঙে যাওয়ার পরও এ পাখির ডাক শুনেছি। তবে যখন ভোরের আলোয় আঁধার কেটে যেত, তখন এ ডাক শোনা যেত না। সুন্দরবনের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ত। রাতের বেলায় এ পাখি ডেকে ডেকে চরে বেড়ায়, পোকা খায় এবং নিজেদের মধ্যে ভাববিনিময় করে বলে এ পাখির নামা রাতচরা। দিনের বেলায় সারাক্ষণ এরা বনতলে, ঝোপের মধ্যে, বাঁশবনে ঘুমিয়ে সময় কাটায়। প্রকৃতিতে অন্ধকার নেমে এলেই শুরু হয় এদের কর্মতৎপরতা। গ্রাম-বাংলায় রাতচরা পাখির ডাক এখন শোনা যায় না। বাঁশবন, ঝোপঝাড় বিনাশ হয়ে যাওয়ায় রাতচরা পাখি গ্রাম-বাংলা থেকে কমে গেছে। রাতচরা পাখি কয়েক রকমের। এটিকে বলা হয় ল্যাঞ্জা রাতচরা। এরা প্রশস্ত লেজের নিশাচর পাখি। ছেলেপাখি বাদামি ছোপসহ পীতাভ বর্ণের। কানঢাকনির মধ্যভাগ কালো, ডানার পালক-ঢাকনির ধার স্পষ্ট পীতাভ এবং প্রথম চারটি প্রাথমিক পালকে সাদা ছোপ আছে, লেজের বাইরের পালকের প্রান্ত সাদা। গলায় সাদা ফোটা এবং ঘাড়ে মরচে রং গলাবন্ধ।
ঠোঁট মাংসল বাদামি, চোখ বাদামি, পায়ের পাতা লালচে থেকে বেগুনি-বাদামি। মেয়েপাখির প্রাথমিক পালক ও লেজের বাইরের পালকে পীতাভ ছোপ ও সামান্য সাদা রং আছে। এ ছাড়া সবদিক থেকেই ছেলে ও মেয়েপাখির চেহারা অভিন্ন। তরুণ পাখির লালচে প্রাথমিক পালকে সাদা তিলা, তলপেট ও অবসারণিতে ডোরা থাকে। লেজের পালকের ভেতরে সাদা ও বাইরে লালচে রং। ল্যাঞ্জা রাতচরা আর্দ্র পাতা ঝরাবন, বাঁশবন, প্যারাবনের প্রান্তে এবং বনের মধ্যে খোলা ভুঁই ও গ্রামের বাগানে বিচরণ করে। সচরাচর একা বা জোড়ায় থাকে। রাতে বন, তৃণভূমি ও শস্যখেতের ওপর উড়ে উড়ে খাবার খায়। খাদ্যতালিকায় রয়েছে গুবরে পোকা, মথ, রাতে ওড়ে এমন পোকা। দিনের বেলায় বাঁশবনে, বনের প্রান্তে ও ঝরাপাতার ওপরে অথবা গাছের কাণ্ডে বুক লাগিয়ে ঘুমায়। ভোর ও গোধূলিতে এরা বেশি কর্মতৎপর থাকে এবং ডাকাডাকি করে। মার্চ মাসে প্রজনন মৌসুমে মাটিতে শুকনো পাতা পড়ে থাকে। এসব জায়গায় বাসা করে ডিম পাড়ে। ডিমগুলো সামান্য-পীতাভ, সংখ্যায় দুটি। দিনের বেলায় মা পাখি ছানাদের বুকের দুই পাশে নিয়ে বসে থাকে। তেঁতুলিয়ায় গিয়ে আমি এ দৃশ্য দেখেছি। সাধারণত যেখানে অনেক পাতা ঝরে পড়ে, সেখানে বাসা বানায়। ডিমের রং শুকনো পাতার রঙের সঙ্গে মিশে যায়। তাই সহজে কারও চোখে পড়ে না।