রাতে তাপমাত্রা কমতে পারে
তীব্র শীত পড়ার সম্ভাবনা নেই, তবে রাতের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানাল আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতে তাপমাত্রা এক ডিগ্রি সেলিসিয়াস কমে যেতে পারে। এ কারণে রাতে শীত কিছুটা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, এ মাসের ২০ তারিখের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তা হালকা বা মাঝারি ধরনের হবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিনের বেলা ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে পাঁচটা ৫৩ মিনিটে, সূর্যাস্ত হবে পাঁচটা ৩৭ মিনিটে।