রাতে ফোটে বারপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে সম্প্রতি তোলা বারপাত্তার ফুল
ছবি: লেখক

গাছটি প্রথম দেখি রমনা পার্কে। পার্কের নার্সারি–লাগোয়া পরিণত মাইলামের বীথির পাশে একটিমাত্র গাছ। লাগিয়েছিলেন প্রকৃতিবিদ ও উদ্ভিদ বিশেষজ্ঞ অধ্যাপক দ্বিজেন শর্মা। গাছতলায় আধখাওয়া কয়েকটি ফুল দেখে তাঁর কাছে গাছটির পরিচয় জানতে চাইলে তিনি আদ্যোপান্ত জানান।

স্থানীয়ভাবে গাছটি একাধিক নামে পরিচিত। এর মধ্যে বারপাত্তা, তাকবাম, জংলিসালতি, বন শাল, বন সেগুন, কাউয়াতুতি, পাহাড়ি হিজল অন্যতম।

আমাদের বন-পাহাড়ের এই গাছ কীভাবে রমনা পার্কে থিতু হলো, দ্বিজেন শর্মার লেখা কুরচি তোমার লাগি গ্রন্থ থেকে খানিকটা উদ্ধৃত করলেই বিষয়টি স্পষ্ট হবে। তিনি লিখেছেন, ‘...এভাবেই একদিন পাথারিয়া পাহাড়ের একটি গাছ বোন পারুল হয়ে আমার সামনে হাজির। বইপত্র ঘাঁটলাম, কিছুটা মেলে, আবার মেলেও না। বিশাল বৃক্ষ, পত্রমোচি, ফুলগুলো সকালে তলায় ছড়িয়ে রাখে।

এত দিন যে গাছটি টিকে আছে, ইটভাটির চুলোয় কিংবা স্থানীয় করাতকলে চালান হয়নি, তার কারণ বাড়ির বউ-ঝিরা ওটিকে বনবাদশার থান বলে পূজা করেন। দেশে ফিরে তলা থেকে তিনটি চারা তুলে এনে লাগালাম ঢাকায়–মহানগর পাঠাগার চত্বরে (এখন ওসমানী উদ্যানের সঙ্গে একাকার), শিশু একাডেমির বাগানে ও রমনা পার্কে। প্রথমটি কাটা পড়ল ফুল ফোটার আগেই, বাকি দুটিতে ফুল ফুটছে গত দুই বছর থেকে। না, কোনোটাই মাতৃবৃক্ষের আত্মজ নয়, একান্তই উটকো, তবে সমগোত্রীয় (বিগনোনিয়েসি)।

শিশু একাডেমির গাছটির ফুল খুব ছোট, সাদা রঙের, একটা পাপড়িতে লালচে ফোঁটা, ফোটে ভর বসন্তে। রমনা পার্কের গাছটির পাতা প্রথমটির চেয়ে অনেক বড়, ফুলের রং হলুদ, ফুটছে এখনই, অর্থাৎ বর্ষায়। সে নিশিপুষ্পা, তাই ফুল গাছে দেখা যায় না। সেদিন চোখে পড়ল একটি কাক সন্ধ্যায় আধফোটা ফুল ঠোকরাচ্ছে। জন্মস্থানে কারা পরাগায়ন ঘটায় জানি না, ঢাকায় কাকেরাই দেখছি কাজটি করছে।’

পরে অবশ্য ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান এবং দিনাজপুর শহরতলি ও রংপুর শহরের আশপাশে পথতরু হিসেবে বারপাত্তার অল্প কয়েকটি গাছ দেখেছি। সম্ভবত বন বিভাগ গাছগুলো লাগিয়েছে।

বারপাত্তা (Heterophragma adenophyllum) বড় আকারের চিরসবুজ গাছ। ছাল অমসৃণ, ধূসর, তাতে লম্বা লম্বা ফাটল রয়েছে। কচি ডাল ও মঞ্জরি বাদামি রোমে ঢাকা। যৌগপত্র একপক্ষল, বিজোড়পত্রী, ৩০ থেকে ৪০ সেমি লম্বা। পাতা ৪ বা ৬টি, বর্শাকার, অখণ্ড, নিচের দিক রোমশ, প্রায় বোঁটাহীন, ১০ থেকে ২৪ সেমি লম্বা, মূল বোঁটার গোড়ায় প্রায়ই একজোড়া ছোট পাতা দেখা যায়।

ডালের আগায় শাখা বিভক্ত, খাড়া রোমশ মঞ্জরি আছে। ফুল বড়, হলুদ-বাদামি রঙের। বৃতি ঘণ্টাকৃতি, দেড় সেন্টিমিটার লম্বা, অসম লতি ৩ থেকে ৫টি। দল বাইরে বাদামি রোমে ভরা, মুখ ৫ সেন্টিমিটার চওড়া। পাপড়ির সংখ্যা ৫টি, সবুজাভ হলুদ। ফুল ফোটার মৌসুম গ্রীষ্ম-বর্ষা। ফল ৩০ থেকে ৯০ সেন্টিমিটার লম্বা, বেলনাকার, শিরাল ও বাঁকা। বীজ অজস্র, পক্ষল, প্রায় দেড় সেন্টিমিটার লম্বা।

বারপাত্তা আমাদের দেশে একটি বিরল প্রজাতির গাছ। এরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের মিশ্র চিরসবুজ বনের পাহাড়ের ঢালুতে প্রাকৃতিকভাবে জন্মে। কাঠ হলদে-বাদামি বর্ণের, বেশ শক্ত, মজবুত ও টেকসই। ঘরের খুঁটিসহ গৃহ নির্মাণ ও ছোটখাটো সেতু নির্মাণে ব্যবহৃত হয়। প্রথাগত ভেষজ হিসেবে গাছের বিভিন্ন অংশের ব্যবহার রয়েছে। বড়পাতার নিশিপুষ্প এই উদ্ভিদ আমাদের চারপাশে আরও বেশি পরিমাণে থাকা প্রয়োজন।

মোকারম হোসেন, প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক