রাতে বাড়বে শীত, শৈত্যপ্রবাহের শঙ্কা উত্তরে
রাজধানীতে শুক্রবার দিনভর বৃষ্টি শেষে গতকাল শনিবার সূর্যের হাসি দেখা গেছে। সকাল থেকেই ছিল ঝলমলে রোদ। তবে সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় গতকাল বিকেল পর্যন্ত আকাশে মেঘ ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের বেশির ভাগ এলাকা থেকে মেঘ সরে গেছে। ফলে আজ রোববার কিছু এলাকা বাদে দেশজুড়ে শীতের বাতাস বইতে শুরু করবে। তাপমাত্রা কমে উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাতের মধ্যে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে রাতে শীত বাড়বে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দেশের বেশির ভাগ জায়গায় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, রাজধানীতে গতকাল দিনের তাপমাত্রা এক লাফে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তবে রোদের কারণে কিছুটা উষ্ণতার পরশ পেয়েছে মানুষ। আর দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, মেঘ সরে যাওয়ায় দ্রুত শীত নামবে। আগামী কয়েক দিন শীত বাড়বে।
দেশে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশে গতকাল সারা দিন ও রাত মিলিয়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায়, ৬৯ মিলিমিটার। রংপুর বিভাগেও বৃষ্টি বেশি হয়েছে। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৬ মিলিমিটার।