রাতে শীতের তীব্রতা বাড়ার আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সাইয়ান

সারা দেশে গতকাল শুক্রবার বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে বৃষ্টিপাত কমেছে। তারপরও আজ শনিবার তিন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আজ রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

আজ শনিবার সকাল নয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে আজ রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি ধরনের ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।