শনিবার রাত আড়াইটার দিকে বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি হয়েছে বরিশালে। বৃষ্টিতে গোটা নগর প্লাবিত হয়েছে। রাতের বৃষ্টির পানি গতকাল রোববার দুপুর পর্যন্ত নামেনি। দুপুরে নগরের অনেক সড়ক পানিতে ডুবেছিল।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, এ বছর ঠিকাদারের মাধ্যমে নগরের নালা পরিচ্ছন্ন করা হয়নি। নিজেদের উদ্যোগে নালা পরিষ্কার করা হয়েছে। সে কারণে কিছুটা ত্রুটি থাকতে পারে। গত শনিবার রাতে অনেক বৃষ্টি হওয়ায় নগরে জলাবদ্ধতা দেখা দেয়। তবে সকাল থেকে পানি অনেকটাই নেমে গেছে। যেটুকু পানি আছে, তা নেমে যেতে সময় লাগবে না।
গতকাল দুপুর ১২টায় নগরের বেশ কিছু সড়ক পানিতে ডুবে থাকতে দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বগুড়া রোড, কালিবাড়ি রোড, বিএম স্কুল রোড, বাংলাদেশ ব্যাংক মোড়, বটতলা, নবগ্রাম রোড, হাতেম আলী কলেজ, করিম কুটির সড়ক, মল্লিক রোড, ভাটিখানা, পলাশপুরসহ বিভিন্ন সড়কে এক থেকে দেড় ফুট পানি জমে ছিল। অনেকেই ঘর থেকে বের হতে পারেননি।
নগরবাসীর অভিযোগ, নালাব্যবস্থা ভালো না থাকা এবং পরিচ্ছন্ন না করায় একটু বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। পুরো বর্ষা মৌসুমে নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হবে এমন আশঙ্কা তাঁদের। দীর্ঘদিনেও নালাগুলো পরিচ্ছন্ন না করায় ময়লা-আবর্জনা জমে সেগুলো বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানি নামতে পারছে না।
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, নগরের নালাগুলো পরিকল্পিতভাবে করা হয়নি। নালা নির্মাণ করার পর পরিচ্ছন্ন না করায় ময়লা-আবর্জনায় সেগুলো অনেক স্থানে বন্ধ হয়ে রয়েছে। সেই সঙ্গে খালগুলো দখল, দূষণ ও ভরাটের কারণে একটু বৃষ্টি হলেই নগরে জলাবদ্ধতা দেখা দেয়। অভিযোগ করে তিনি বলেন, বারবার বলা হলেও বরিশাল সিটি করপোরেশন নালা পরিচ্ছন্নতায় কোনো উদ্যোগ নিচ্ছে না। যার ফলে নগরবাসী চরম দুর্ভোগে পড়ে। এ বছর বর্ষা মৌসুমে নগবাসীকে দুর্ভোগ সঙ্গী করেই চলতে হবে।
বগুড়া রোডের বাসিন্দা রাকিব হোসেন বলেন, ‘রাতের বৃষ্টির পানি এখনো রাস্তার ওপর। এটা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে। বৃষ্টি হয়েছে তো আর কথা নাই, জলাবদ্ধতায় পড়তেই হবে। সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নেয়নি।
করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা বলেন, ‘আমাদের পক্ষ থেকে নগরের বড় বড় নালাগুলো পরিচ্ছন্ন করা হয়েছে। এখনো প্রতিদিন পরিচ্ছন্নতা কাজ চলছে। তবে অধিক মাত্রায় বৃষ্টি হওয়ায় কিছু সড়কে পানি জমে গেছে। পানি অপসারণে কাজ করছেন কর্মীরা।’
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘নগরের জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অতিবর্ষণ হলে পানি তো জমবেই। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পানি অনেকটাই নেমে গেছে। বর্ষায় নালা পরিচ্ছন্নতায় বিশেষ নজর দেওয়া হবে।’