রামপাল প্রকল্প বাতিল বা সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল বা সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় ৫৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত এই কমিটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। 

১৩ জুলাই বাংলাদেশ-ভারত বিদ্যুৎ খাত সহযোগিতাবিষয়ক যৌথ স্টিয়ারিং কমিটির সভা উপলক্ষে আজ রোববার কমিটি এই বিবৃতি দিয়েছে।

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, এই সভায় রামপালের প্রস্তাবিত ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ‘ক্রয়, নির্মাণ ও প্রকৌশলগত’ বিষয়টি মূল আলোচ্য বিষয় হবে বলে আমরা জানতে পেরেছি। অথচ দেশ ও বিদেশের বিজ্ঞানী ও পরিবেশবিদেরা যুক্তি দিয়ে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ ও অর্থনীতির অপূরণীয় ক্ষতিসাধন করবে।

কমিটি থেকে বলা হয়েছে, সরকার নিয়ম ভঙ্গ করে পরিবেশগত সমীক্ষা প্রণয়নের অনেক আগেই জমি অধিগ্রহণ করেছে, প্রকল্প বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর মতামত গ্রহণ করা হয়নি, দেশীয় ও আন্তর্জাতিক বেশ কটি প্রকৃতি-সংরক্ষণশীল আইন, নীতি-নিয়ম ও কনভেনশন লঙ্ঘন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রকাশ্য ও অপ্রকাশ্য আর্থিক অনিয়মগুলো বিবেচনায় নিলে রামপাল প্রকল্প কোনোভাবেই লাভজনক নয়, বাংলাদেশ-ভারত উভয় দেশেরই সাধারণ মানুষের বিশাল অঙ্কের অর্থের অপচয় ঘটবে, যার বাস্তব দায় এই বিশাল দরিদ্র জনতাকেই বহন করতে হবে। আন্তর্জাতিক মূল্যায়নে প্রমাণিত হয়েছে যে প্রকল্পটির সব পর্যায়েই মানবাধিকার বিষয়টিকেও কখনো বিবেচনায় নেওয়া হয়নি।