রাস্তা ভেঙে যান চলাচল বন্ধ, দুর্ভোগে পথচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট–সারিয়াকান্দি সড়ক নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের কাছে সওজের রাস্তাটি এভাবেই ভেঙে গেছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
বগুড়ার ধুনট–সারিয়াকান্দি সড়ক নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের কাছে সওজের রাস্তাটি এভাবেই ভেঙে গেছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ধুনট-সারিয়াকান্দি পাকা রাস্তাটি নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের কছে ভেঙে যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। ছয় দিন ধরে এ অবস্থায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
উপজেলা প্রকৌশল কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিআরডি) ধুনট উপজেলা সদর থেকে সারিয়াকান্দি পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তা নির্মাণ করে। পরে ২০০৭ সালে রাস্তাটি সওজ বিভাগকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়। নির্মাণের পর থেকে রাস্তাটি দুই দফায় মেরামত করা হয়েছে। কিন্তু ১৯ মে রাতে বৃষ্টির পানির তোড়ে ধামাচামা গ্রামের কাছে রাস্তাটি ভেঙে প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। এতে ছয় দিন ধরে ওই রাস্তা দিয়ে এলাকাবাসী ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এর মধ্যে গত সোমবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে সাতবেকি গ্রামের আবদুর রাজ্জাক, হায়দার আলি, মর্জিনা খাতুনসহ পাঁচজন আহত হন। এ ছাড়া এলাকার অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তাই রাস্তা ভেঙে যাওয়ায় তাঁদের উৎপাদিত শস্য বাজারে নিতে সমস্যায় পড়তে হচ্ছে।
সরেজমিনে গতকাল বুধবার সকালে দেখা যায়, রাস্তাটি দিয়ে যাওয়ার সময় ভাঙন কবলিত অংশ ভ্যান বা রিকশা থেকে নেমে হেঁটে পার হচ্ছে যাত্রীরা। চালককে অন্যদের সাহায্যে ভ্যান বা রিকশাটি ধরাধরি করে টেনেহিঁচড়ে পার করতে হচ্ছে। ওই রাস্তায় বাস, ট্রাক বা ভারী কোনো যানবাহন আর চলতে পারছে না।
ধামাচামা গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশার মালিক মোরশেদ আলম বলেন, ‘কদিন ধরি রাস্তা কোনা বৃষ্টির পানিত রাতেত ভাঙি গেছে। গাড়িঘোড়া লিয়া পারাপার হবার পারিচ্ছে না। হামরা জমির ফসলগুলা হাটোত নেয়ন পারিচ্ছি না। কেউ হামাগরে খোঁজখবর পর্যন্ত লিচ্ছে না। হামরা কয়জন চেয়ারম্যানর কাছোত গিয়া রাস্তারকনা মেরামতের জন্নি কইছি। এখন তিনি কী করবি তা হামরা কবার পারিচ্ছি না।’
নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা বলেন, সোনাহাটা-জোড়গাছা সড়কের ধামাচামা গ্রামে পাকা রাস্তাটি ভেঙে যাওয়ায় ভোগান্তির বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। কিন্তু এখনো সড়কের ভাঙা স্থান মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধুনটের উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, সড়কটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ করা হলেও দেখভালের দায়িত্ব এখন সওজের। তাই তাদের সঙ্গে কথা বলে মেরামতের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।