রাস্তা যখন নর্দমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১ নম্বর বালুর মাঠ ​এল​াকার ৭ নম্বর সড়কে ঢালের এ অবস্থা৷ নর্দমার পানিতে ভেসে যাচ্ছে সড়ক৷ ​এর মধ্যে দিয়ে যাতায়াত করছে ​এলাকাবাসী l ছবি: সাবিনা ​ইয়াসমিন
মিরপুর ১ নম্বর বালুর মাঠ ​এল​াকার ৭ নম্বর সড়কে ঢালের এ অবস্থা৷ নর্দমার পানিতে ভেসে যাচ্ছে সড়ক৷ ​এর মধ্যে দিয়ে যাতায়াত করছে ​এলাকাবাসী l ছবি: সাবিনা ​ইয়াসমিন

পুরো রাস্তা ভরে আছে নর্দমার পানিতে। দুর্গন্ধে চারপাশের বাতাস ভারী হয়ে আছে। নাক চেপে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এ অবস্থা রাজধানীর মিরপুর-১-এর উত্তর বিশিল ৭ নম্বর সড়কের শেষ মাথার।
সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ভূগর্ভস্থ পয়োনিষ্কাশন নালার নোংরা পানি ওপরে উঠে এসেছে। কিছু জায়গায় নর্দমার পানি এসে ঠেকেছে পথের পাশের বাড়িগুলোর ফটকে। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে এই পথেই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
এলাকাবাসীর অভিযোগ, মিরপুর-১-এর সি ও ডি ব্লকের বাসাবাড়ির নর্দমার পানি এই ভূগর্ভস্থ পয়োনিষ্কাশন নালা দিয়ে যায়। তিন মাস আগে রাস্তার স্ল্যাব ভেঙে নোংরা পানিতে সড়কটি সয়লাব হয়ে যায়। এরপর থেকে পুরো রাস্তা নর্দমার পানিতে ডুবে আছে। স্থানীয় বাসিন্দা মো. দুলাল বলেন, ‘নর্দমার পানির দুর্গন্ধে এখানে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে।’
নর্দমার পানি অনেক সময় পথের পাশের বাড়ির ভেতরেও চলে আসে। এ কারণে এখানে পানিবাহিত রোগও আগের চেয়ে বেড়ে গেছে। দুই মাস আগে বৃষ্টি হলে পুরো রাস্তাটি পানিতে তলিয়ে যায়। বৃষ্টির সময় রাস্তার পাশের বাড়িঘর ভরে ওঠে নর্দমার নোংরা পানিতে। সে সময় এলাকার লোকজনকে হাঁটু পর্যন্ত নোংরা পানি মাড়িয়েই চলাচল করতে হয়েছে। রাস্তাটি উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের অধীনে। এই ওয়ার্ডের কাউন্সিলর কাজী টিপু সুলতান। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।