রাস্তায় পশু কোরবানি করা যাবে না: স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন ঈদুল আজহায় রাস্তায় পশু কোরবানি করা যাবে না। তবে বাড়ির আঙিনায় সুব্যবস্থা থাকলে সেখানে করা যাবে।
আজ বুধবার সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই করা এবং দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় মন্ত্রী এ কথা বলেন। এবার সরকার সিটি করপোরেশন ও পৌরসভা ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও নির্ধারিত স্থানে পশু কোরবানির উদ্যোগ নিয়েছে। কিন্তু তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন আজকের সভায় উপস্থিত বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন সিটির মেয়র, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় সবাই নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।
২০১৪ সাল থেকে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের নিয়ম চালু হয়। কিন্তু শুরু থেকেই এটি ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে না। আজকের সভায় একাধিক মেয়র ও কর্মকর্তা বলেন, এবার নির্ধারিত স্থানে কোরবানির সংখ্যা বাড়বে। আগামী বছর আরও বাড়বে। একপর্যায়ে হয়তো সেটি হবে। তাঁরা এ জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব দেন।
সভায় জানানো হয়, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫৫টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ৫৪৯টি স্থান কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য হিসাব অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ লাখ ৭৫ হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ লাখ ২১ হাজার পশু কোরবানি হতে পারে। দুই সিটি করপোরেশনের অধীনে এবার মোট ২৩টি অস্থায়ী পশুর হাট বসছে। উপস্থিত মেয়ররা কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুতির কথা জানান।