রোদ আর কুয়াশার লুকোচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষের শীতে এখনো কাঁপন ধরেনি। আজ বৃহস্পতিবার অবশ্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কিছুটা হিমেল বাতাস বইছে। কুয়াশার চাদরও রয়েছে। তা কোথাও ঘন, কোথাওবা হালকা। এরই ফাঁকে ফাঁকে সূর্যের উঁকি।

তাপমাত্রা গতকাল বুধবারের চেয়ে আজ কিছুটা কমেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আজ ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সারা দেশই কুয়াশাচ্ছন্ন। তবে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে কুয়াশা বেশি পড়ছে। চট্টগ্রাম অঞ্চলের দিকেও কুয়াশা বেশি।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের পূর্বাভাস বলছে, এই মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দুই থেকে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।