রোদেলা সকালের অভ্রকূট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রঙ্গনগাছে অভ্রকূট প্রজাপতি l ছবি: লেখক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রঙ্গনগাছে অভ্রকূট প্রজাপতি l ছবি: লেখক

রোদেলা সকালে ফকিরহাটের সাতশৈয়া গ্রামের এক বাড়ির উঠানের শেষ প্রা‌ন্তের ঝোপালো একটা রঙ্গনগাছের পাশে ক্যামেরা হাতে চেয়ারে বসে ছিলাম। খানিক পরে রোদের আলো যখন রঙ্গনগাছের লাল ফুলের ওপর এসে পড়ল, তখন মৌটুসি-নীলটুনিদের সঙ্গে নানা প্রজাতির প্রজাপতির ওড়াউড়িও বেড়ে গেল। আমি চেয়ারে বসেই চুপচাপ ক্লিক করে যাচ্ছি। এমন সময় ভিউ ফইন্ডারে নতুন এক অতিথির দেখা মিলল। বেশ বড় এক কালো পতঙ্গ, যার ডানার ওপর ফ্যাকাশে নীলের ওপর কালো কালো ফোঁটা। ডানার নিচে গোড়ার দিকে রক্তলাল ফোঁটা। এই প্রজাপতিটিকে জীবনে প্রথম দেখলাম। তবে এরপর এই পতঙ্গটি আমি বহুবার বহু জায়গায় দেখেছি। শেষবার ২০১৭ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দেখেছি মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

ফ্যাকাশে নীল-কালো পতঙ্গটি এ দেশে সচরাচর দৃশ্যমান এক প্রজাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ড. বাশার এর নাম দিয়েছেন অভ্রকূট। পশ্চিমবঙ্গে এটি বরুণপাখা নামে পরিচিত। অভ্রকূটের ইংরেজি নাম Blue Mormon। Papilionidae পরিবারভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Papilio polymnestor।

অভ্রকূট বড়, কালো ও লেজহীন ফ্যাকাশে নীল ডানার প্রজাপতি। প্রসারিত অবস্থায় সামনের এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ১২০ থেকে ১৫০ মিলিমিটার। সামনের ডানার ওপরে ফ্যাকাশে নীল মাঝ-আঁচল বন্ধনী দেখা যায়, যা শীর্ষের কাছে সরু হয়ে গেছে। পেছনের ডানার ওপরটাও ফ্যাকাশে নীল, যাতে দুই সারি কালো ফোঁটা রয়েছে। স্ত্রী ও পুরুষ দেখতে একই রকম। তবে স্ত্রীর ক্ষেত্রে সামনের ডানার ওপরের দিকে পক্ষমূলে একটি লাল ফোঁটা রয়েছে। মাথা, ধড় ও দেহের সামনের অংশ কালো। ধড় ও দেহের সামনের অংশে সাদা ফোঁটা থাকে। শুঁড়, শুঙ্গ ও চোখ কালো। পা ধূসরে-সাদা।

অভ্রকূট সচরাচর দৃশ্যমান প্রজাপতি। এরা চিরসবুজ বনের বাসিন্দা হলেও উন্মুক্ত ভূমিতেও দেখা যায়, বিশেষ করে বর্ষায়। ডানায় ফ্যাকাশে নীলের ঝলকানি তুলে ডুবসাঁতারের মতো করে বলিষ্ঠভাবে ওড়ে। এরা দিনের বেলায় বেশ সক্রিয় থাকে। ফুল, মাটি ও প্রাণীর মলে বসে রস চুষতে দেখা যায়।

স্ত্রী অভ্রকূট জাম্বুরা, মটকিলা ইত্যাদি গাছের পাতার ওপরের দিকে পাতাপ্রতি একটি করে হালকা সবুজ গোলাকার ডিম পাড়ে। ডিম ফোটে তিন থেকে পাঁচ দিনে। পাখির বিষ্ঠার মতো দেখতে শূককীট বের হয়। শূককীট ১৪-২০ দিনে মূককীটে পরিণত হয়। প্রায় ১০ দিন পর মূককীটের খোলস কেটে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়ে আসে। পুরুষ ও স্ত্রী প্রজাপতির আয়ুষ্কাল যথাক্রমে তিন থেকে চার ও ছয় থেকে আট দিন।