লঘুচাপের কারণে ঢাকায় বৃষ্টি
রাজধানীতে আজ রোববার সকাল থেকে কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া অফিস বলছে, উত্তর–পূর্ব মিয়ানমারে সৃষ্ট লঘুচাপ এখন বাংলাদেশে অবস্থান করছে। এ লঘুচাপের প্রভাবে ঢাকা, সিলেটসহ দেশের দক্ষিণাংশে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের প্রভাবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমেছে।
আজ সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন স্থানে কাদাপানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মস্থলের উদ্দেশে বের হওয়া মানুষ। সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে যানবাহনের সংকটে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল। কক্সবাজার এবং মংলা, চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত ও দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সোমবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। এতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে।