লাউয়াছড়া রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় হয়েছে।

গতকাল বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদলের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনকালে এ মতবিনিময় হয়।

মতবিনিময়কালে বক্তারা বলেন, উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য খ্যাত লাউয়াছড়া জাতীয় উদ্যান তার প্রাকৃতিক পরিবেশ হারাচ্ছে। উদ্যানের অনেক জায়গা ফাঁকা। এভাবে চলতে থাকলে উদ্যানের প্রাকৃতিক পরিবেশ ধরে রাখা যাবে না।

 এর মধ্যে নির্বিঘ্ন রেল চলাচলের জন্য ২৫ হাজার গাছ কেটে পরিষ্কার করা হলে উদ্যানটি ফাঁকা হয়ে যাবে। জাতীয় উদ্যানের গুরুত্ব থাকবে না। গাছ কাটার পরিকল্পনা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। একটি গাছও কাটা যাবে না। লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষক মো. কামাল হোসেন। অন্যদের মধ্যে প্রতিনিধিদলে ছিলেন শিক্ষক মো. মুজাফফর হোসেন ও মো. আক্তার হোসেন। মতবিনিময়ে অংশ নেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া ও সহকারী সদস্যসচিব পঙ্কজ ঠাকুর।

মো. কামাল হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা গবেষণার কাজে লাউয়াছড়ায় আসি।

এবার বেশ কিছু পরিবর্তন চোখে পড়ছে। যেভাবে প্রজেক্ট, উদ্যোগ নেওয়া হয়েছে। লাউয়াছড়ার সম্পদ রক্ষায় সেভাবে কিছু দেখলাম না। কিছু জায়গা দেখলাম ফাঁকা। আমরা এতে শঙ্কিত। সবাই মিলে লাউয়াছড়াকে রক্ষা করতে হবে।’