লালপিঠ ফুলঝুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই লালপিঠ ফুলঝুরি। গত বছরের জুলাইয়ে সুন্দরবনে
ছবি: শেখ মামুনুর রহমান

পুঁচকে পাখিটার ডাক শুনে, উপকরণ মুখে বারবার যাতায়াত দেখে ও উঁচু পেয়ারাগাছটার সরু প্রশাখায় দুলতে-ঝুলতে আর বসতে দেখে শেখ মামুনুর রহমান বুঝে ফেলল পাখিটা বাসা বাঁধছে। ফোন করল আমাকে। আমি ওকে বললাম পাখিটাকে শনাক্ত করতে ও হিসাব রাখতে বাসাটা শেষ করল কত দিনে! মামুন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের সদস্য, চাকরি করে বন বিভাগে।

মধ্যসুন্দরবনের আদাচাই বন টহল ফাঁড়ি থেকে মামুন আবারও ফোন করে ছয় দিন পর। জানায় বাসাটি বাঁধা শেষ। কদিন পর ফাঁড়ির তিনতলা ভবনের ছাদে উঠে সে বাসায় বসা পাখিটার ছবি তুলে সেদিনই আমাকে পাঠায়। দিনটি ছিল গত বছরের ৫ জুলাই।

এই পাখিদের বাসার উপকরণ হয় সরু শিকড়, ঘাস, বিভিন্ন নরম গাছের আঁশ, মাকড়সার জাল ইত্যাদি। মামুন লক্ষ করে দেখে, হরিণের ঝরে পড়া লোম, গোলপাতা-কেয়াপাতার ফালিও আছে। ঝুলন্ত-দুলন্ত বাসাটি দেখতে অনেকটাই ছোট আকৃতির লম্বাটে পেঁপের মতো। মামুন তার চোখের মাপে জানাল, বাসাটি ইঞ্চি চারেক লম্বা আর ইঞ্চি তিনেক চওড়া হবে।

সিঁদুরে টুনি, লাল ফুলঝুরি, সিঁদুরে পিঠ ফুলঝুরি ও লালপিঠ ফুলঝুরি নামে পরিচিত পাখিটি। ইংরেজি নাম স্কারলেট-বেকড ফ্লাওয়ারপেকার। বৈজ্ঞানিক নাম Dicaeum cruentatum. দৈর্ঘ্য সাত সেমি মাত্র। ওজন ৬.০৩ গ্রাম। এদের বৈশিষ্ট্য বাংলাদেশের অন্য ফুলঝুরিদের মতো। উঁচু দিয়ে উড়বে। দু-চার সেকেন্ড অন্তর ‘ধাতব ছিপ ছিপ’ ‘ঠিক ঠিক’ স্বরে ডাকবে। গাছের মগডালে বসেও ডাকবে। খাবার খেতে খেতেও ডাকবে। তবে প্রজনন মৌসুমে (বসন্ত-শরৎকাল) মিষ্টি ‘টিসিট টিসিট’ সুরে শিসের ধ্বনির মতো গান গায়। উঁচু দিয়ে ওড়ে, উঁচুতেই থাকে, উঁচুতেই বাসা করে।

তাই বলে নিচের দিকে, এমনকি ফুল-ফসলের খেতে যে নামে না, তা কিন্তু নয়। খাবারের জন্য নামেই। এদের মূল খাবার নানান রকম ফল, বিশেষ করে লোহাজাম, খুদিজাম, গোলাপজাম, পাকা তাল, সফেদা, পেঁপে, পেয়ারা, আতা ও পাকা আমের প্রতি লোভ বেশি। পাকা আমের বোঁটায় ঝুলে-দুলে যখন আম খায়, তখন দারুণ লাগে দেখতে। সাধারণ ফুলঝুরিদের মতো এরাও হাভাতের (নাকি হা-ফল!) মতো পাকা পেঁপে-পেয়ারা ইত্যাদি ফল ঠুকরে ঠুকরে গেলে। ছোট ফল আস্ত গেলার সময় এদের দমবন্ধ দশা হয়। এরা পেঁপে খেতে খেতে পেঁপের ভেতরে ঢুকে পড়ে। বাগেরহাটে এরা তাই ফলটুনি নামেও পরিচিত।

ফল ছাড়াও পোকামাকড়, ফুলের মধুরেণুসহ পান করে তাল-খেজুরের রস। ফক্সটেইল অর্কিড ফুলে যখন দুলুনি-ঝুলুনি খেয়ে খাবার খোঁজে এরা, তখন আশ্চর্য সুন্দর রঙের কম্বিনেশন দেখা যায়। দেখাবে না! পুরুষ পাখিটি যা সুন্দর! মাথা-পিঠ আলতা-লাল বা সিঁদুরে লাল, চোখের ওপরে যেন লেপটানো কালো কাজল, যা ডানার উপরিভাগেও লেগে গেছে। গলা-বুক ও পেটের তলা সাদা। লেজের ওপরের প্রান্ত আবার কালো। পা ও ঠোঁট কালো। স্ত্রী পাখি ও অপ্রাপ্ত বয়স্ক ছানা দেখতে প্রায় একই রকম। স্ত্রী পাখির মাথার তালু-পিঠ ও ডানার উপরিভাগ বাদামি, লেজের গোড়া সিঁদুররঙা, আগাটা কালো।

এই পাখিরা ডিম পাড়ে ২টি। ডিম ফুটে ছানা হয় ৯ থেকে ১১ দিনে। বাসাটির নেংটুপুটু একটি ছানাকে মামুন খুব কাছ থেকে দেখেছিল পেয়ারার ডাল টেনে কাছে এনে। ওই সময়ে দুটি পাখি মিলে যা শোরগোল করছিল না!