শতবর্ষী হিজলের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের রামখণ্ডে শতবর্ষী হিজলগাছ l ছবি: প্রথম আলো
ফরিদপুরের রামখণ্ডে শতবর্ষী হিজলগাছ l ছবি: প্রথম আলো

মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে/

এমনই হিজল-বট-তমালের নীল ছায়া বাংলার অপরূপ

রূপ দেখেছিল;

—জীবনানন্দ দাশ

তাল, তমাল, জারুল, বট, হিজলের দেশ বাংলাদেশ। বাংলাদেশের আনাচকানাচে এ গাছগুলো ছড়িয়ে রয়েছে। এর কোনোটি বয়সে নবীন আবার কোনোটি বহু বছরের, বহু ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

ফরিদপুর শহর থেকে ১৭ কিলোমিটার দূরে কানাইপুর ইউনিয়নের রামখণ্ড গ্রামে রয়েছে এমনই একটি হিজলগাছ, যেটির বয়স এক শ বছরের ওপরে। গাছটির প্রকৃত বয়স কত, তা নিশ্চিতভাবে জানা না গেলেও এলাকায় ওই গাছটি ‘শতবর্ষী হিজল’ হিসেবে পরিচিত এবং সমাদৃত। পুরোনো এই গাছ দেখতে বহু দর্শনার্থী ভিড় করেন।

ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে কানাইপুর-সালথা সড়কের পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করলেই রামখণ্ড সরকারি
প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের দক্ষিণ দিকে আনুমানিক ৪৮ শতাংশ জমির ওপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই হিজলগাছ।

গাছটি সংরক্ষণ করেছে ফরিদপুর বন বিভাগ। গাছের সামনে ‘শতবর্ষী হিজল গাছ’ লেখা একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতে বলা হয়েছে, গাছটির বয়স এক শ বছরের বেশি। গাছটির উচ্চতা ২৫ ফুট এবং কাণ্ডের প্রস্থ ১৪ ফুট। এটি Lecythidaceae পরিবারভুক্ত, বৈজ্ঞানিক নাম Barringtonia acutangula (L) Graerth।

 গাছটির তলায় যে ছায়ার বিস্তার হয়, তাতে গরমের সময় শীতল ও মনোরম পরিবেশ তৈরি হয়। ওই সাইনবোর্ডের তথ্য অনুযায়ী এ গাছ জলজ পাখির আশ্রয়স্থল এবং বংশবিস্তারে ভূমিকা রাখে। ওষুধ হিসেবেও হিজলগাছের বীজ ও বাকল ব্যবহৃত হয়।

হিজল মাঝারি আকারের চিরহরিৎ গাছ। বাকল ঘন ছাই রঙের এবং পুরু। ডালপালার বিস্তার চারদিকে। এ গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে এবং দীর্ঘদিন বাঁচে। খাল, বিল, হাওর, বাঁওড় ও ডোবার ধারে বেশি চোখে পড়ে। হিজলগাছ নরম, উজ্জ্বল, মসৃণ ও টেকসই। পানিতে নষ্ট হয় না বলে নৌযান নির্মাণে ব্যবহৃত হয়।

হিজল ফুল ফোটে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে। গোলাপি রঙের লম্বা পুষ্পদণ্ডের মধ্যে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফোটে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফুল ফোটা শুরু হয়, সকালের আলোয় ঝরে যায়। সকালবেলায় হিজলতলায় গেলে মনে হয়, গোলাপি গালিচা পেতে রাখা হয়েছে। ফুলের গন্ধ মাদকতাপূর্ণ। ফল তিতা ও বিষাক্ত, দেখতে অনেকটা হরীতকীর মতো।

এলাকার অশীতিপর বৃদ্ধ হাতেম মোল্লা জানান, হিজলগাছটি তাঁদের মালিকানাধীন জায়গায় অবস্থিত। তবে বর্তমানে গাছসংলগ্ন ওই জায়গা সরকারি খাস সম্পত্তির তালিকাভুক্ত।

ওই এলাকার বাসিন্দা মিঠুন কুমার দাস জানান, এ গাছ দেখতে প্রতিদিন অনেক মানুষ আসেন। তাই এ গাছটির জন্য তাঁরা গর্বিত ও আনন্দিত।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, ‘এ গাছটি আমাদের এলাকার সম্পদ। আমরা চাই বন বিভাগ গাছটির সার্বক্ষণিক দেখভাল করুক, পরিচর্যা করুক, যাতে গাছটি আরও বহু বছর বেঁচে থাকে।’ তিনি বলেন, গাছটি ঘিরে এই এলাকায় সরকারি উদ্যোগে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিলে ভালো হয়।

ফরিদপুর নিসর্গ সংসদের সভাপতি মাকসুদুর রহমান বলেন, ‘শতবর্ষী গাছ আমাদের দেশে খুব বেশি নেই। একটি পুরোনো গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি পাখিদের আশ্রয়স্থলও বটে। বড় বড় গাছ রক্ষা করতে আমাদের সচেষ্ট হতে হবে।’