
রহমান লজ। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় বাঘা যতীন সড়কের ৪৮ নম্বরের এই বাড়ি চিনতে খুব একটা বেগ পেতে হলো না। আগে থেকেই বাড়ির মালিক মতিয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। সিঁড়ি বেয়ে সোজা দোতলা বাড়ির ছাদে। সেখানে ছাদের চারপাশে বড় বড় টব। তাতে বিভিন্ন প্রজাতির গাছ। বেশির ভাগ গাছ ক্যাকটাস জাতীয়।
ছাদের পূর্ব-দক্ষিণ কোণে রাখা বড় টবে একটি গাছ খাড়া হয়ে উঠে গেছে। লম্বায় প্রায় ১০ ফুট। শক্ত ডগা। গায়ের রং সবুজ। ফুলের কুঁড়ির থোকাটাও সবুজ। এই গাছটির নাম নিয়ে বাড়িতে কৌতূহলের সৃষ্টি হয়েছে। আরও বেশি হয়েছে যখন গাছটিতে ফুল ধরা শুরু হয়েছে।
মতিয়ার রহমানের মতে, শুনেছেন এটি সেঞ্চুরি ফ্লাওয়ার। তবে এই নাম নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। আসলেই কি গাছটির নাম সেঞ্চুরি, আর ফুলের নামই কি সেঞ্চুরি ফ্লাওয়ার!
মতিয়ার রহমান কুষ্টিয়া চিনিকলের কর্মকর্তা ছিলেন। ২০০৮ সালের দিকে অবসরে যান। কিন্তু ৩০ বছর আগে থেকে তিনি টবে ফুল বাগান গড়ে তোলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের গাছ ও ফুল সংগ্রহ করে ছাদে বাগান গড়ে তোলেন। তাঁর সংগ্রহে নিজ বাড়ির ছাদে বড় টবে প্রায় ৪০টি বিভিন্ন জাতের গাছ রয়েছে। এগুলোর বয়স সর্বোচ্চ ২০, আবার কোনোটির দুই বছর।
২০১০ সালের শহরের কোর্টপাড়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ছোট্ট একটি চারা গাছ নিয়ে আসেন। সেটা ছাদের এক কোণে টবে লাগিয়ে দেন। আস্তে আস্তে সেটি বেড়ে ওঠে। কিন্তু নাম খুঁজে পান না। গাছটির পাতা সবুজ। পাতার দুই পাশে কাঁটা। ডগায়ও শক্ত কাঁটা। এভাবেই গাছটি বেড়ে ওঠে পাঁচ বছর।
২ অক্টোবর হঠাৎ দেখতে পান, গাছে ফুল ফুটেছে। একটি একটি করে দুই থেকে চার দিনের মধ্যে চারটি ফুল ফোটে। আবার দুই থেকে তিন দিনের মধ্যে ফোটা ফুল শুকিয়ে যাচ্ছে। ফুলের রং হলুদ। এখনো পাঁচটি ফুল ফুটে আছে। ফোটার অপেক্ষায় আরও ১৮টি। একটা থোকায় ১০টির অধিক ফুল। গাছটি শক্ত এবং সোজা লম্বা।
১৩ অক্টোবর সকালে ফুলের ছবি নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে। সেখানে বিভাগের সহকারী অধ্যাপক রুমানা আফরোজ জানান, ফুলটি দেখে মনে হচ্ছে, এটি সেঞ্চুরি গাছ। এর বৈজ্ঞানিক নাম agave americana। তিনি গুগলের সহায়তা নিতে বললেন।
গুগল সার্চ ইঞ্জিনে উইকিপিডিয়ায় গিয়ে নাম সার্চ দিতেই ছবির মিল পাওয়া গেল। সেখানে পাওয়া তথ্যে জানা গেল, Agave americana, প্রচলিত নাম centuryplant, maguey, বা আমেরিকান ঘৃতকুমারী। এটি একটি শোভাময় উদ্ভিদ হিসেবে বিশ্বব্যাপী চাষ হয়। এটাকে সেঞ্চুরি প্ল্যান্ট বা শতাব্দী উদ্ভিদ বলা হয়, ১০ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে।
নাম নিয়ে একই মত দিলেন প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেন। তিনি আরও জানালেন, মোথাযুক্ত ছোট কাণ্ডের গাছ এটি। সারা দেশেই জন্মে। পাতা লম্বা, কিনার হলুদ, মাঝখানে সবুজ। কিনারে কাঁটা আছে। মঞ্জরি অনেক বড়, ফুল হালকা হলুদ। ফলও ধরে। ফল গোলাকার। জুলাই-অক্টোবরে ফুল-ফল হয়। এটি শোভাবর্ধনকারী গাছ। জন্মস্থান মেক্সিকো।