শালবনের ভুঁইচাঁপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুঁইচাঁপা l ছবি: লেখক
ভুঁইচাঁপা l ছবি: লেখক

দেশের মধ্যাঞ্চল অবধি বিস্তৃত শালবন যে কত-শত প্রজাতির বৃক্ষ-লতা-গুল্মের স্বর্গরাজ্য, বিভিন্ন মৌসুমে সেখানে না গেলে তা বোঝা যায় না। যদিও শালবনগুলো এখন বিলুপ্তির শেষ প্রান্তে এসে ঠেকেছে। তবু এই বন হাওরের মতোই নিয়ত পরিবর্তনশীল। এ কারণে সারা বছরই শালবনে নানা সৌন্দর্য দৃশ্যমান থাকে। সেখানে সব ঋতুতেই আমাদের জন্য অপেক্ষা করে কোনো না কোনো নতুন পুষ্প-বৃক্ষ বা তৃণ-বীরুৎ। প্রতিটি শালবনই প্রকৃতির বিস্ময়কর এক অফুরন্ত ভান্ডার যেন। এ বছরের ১৫ এপ্রিল গাজীপুরের পাঁচপীরের মাজার এলাকায় গিয়েছিলাম বনখেজুরের ছবি তুলতে। খুঁজে পেতে খানিকটা সময় লাগল। যখন নিমগ্নচিত্তে বনখেজুরের ছবি তুলছি, তখন বৃক্ষপ্রেমী যায়েদ আমীন একটি ফুল দেখার আমন্ত্রণ জানালেন। মাটি থেকে মাত্র হাতখানেক উচ্চতায় ফুটেছে ফুলটি। প্রথমে ভেবেছিলাম কনকচাঁপা। কিন্তু ভালোভাবে খুঁটিয়ে দেখি কনকচাঁপার সঙ্গে কিছুটা সাদৃশ্য থাকলেও বৈসাদৃশ্য অনেক। ফুলটি আগে কখনো দেখিনি। তাহলে পরিচয় কী হতে পারে? আশপাশে আরও খুঁজলাম। না, আর কোনো গাছ নেই। বিচ্ছিন্নভাবে একটি মাত্র গাছ কোথা থেকে এল, তাও ভেবে দেখার বিষয়। ঢাকায় এসে গাছটির পরিচয় শনাক্ত করতে চেষ্টা করি। খুঁজতে খুঁজতে পেয়েও যাই।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ গ্রন্থের তথ্যমতে গাছটির নাম ভুঁইচাঁপা (ochna pumila)। তবে সেখানে কোনো ফটোগ্রাফ ব্যবহৃত হয়নি। হাতে আঁকা একটি ছবি আছে। তাও আবার ফ্লোরা অব ওয়েস্ট বেঙ্গল গ্রন্থ থেকে সংকলিত। সেখানে মন্তব্য করা হয়েছে, গাছটি বর্তমানে দুর্লভ। ভুঁইচাঁপা ১৮২৪ সালে প্রথম শনাক্ত করেন স্কটিশ ডাক্তার ও উদ্ভিদবিদ ফ্রান্সিস ব্যুচানন-হ্যামিল্টন। এটি গুল্ম শ্রেণির গাছ, ১ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা দেড় থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা, গোড়ার দিক ক্রমে সরু এবং খর্বাকার বৃন্তবিশিষ্ট, শীর্ষ তীক্ষ্ণ ও ধারালো ধরনের। একটি মঞ্জরিদণ্ডে ৩ থেকে ৬টি ফুল থাকতে পারে, পুষ্পবৃন্ত ২০ সেন্টিমিটার লম্বা। বৃত্যংশগুলো ডিম্বাকৃতির, দৈর্ঘ্যে পাপড়ির ২ থেকে ৩ ভাগের এক ভাগ। ফুলের রং হলুদ-সোনালি। পাপড়ি সংখ্যা ৪, কিনারা অসমান। প্রস্ফুটনকাল এপ্রিল থেকে জুন। সাঁওতাল এবং ওঁরাও জনগোষ্ঠীর লোকজন ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে গাছটির শিকড়ের পেস্ট ব্যবহার করে। আবার ডায়াবেটিস চিকিৎসায়ও তারা শিকড়ের ক্বাথ ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে সেবন করে। আমাদের দেশে সিলেট ও পার্বত্য চট্টগ্রামে এ গাছ দেখা যায়। এরা কনকচাঁপার আত্মীয়।