শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দীর্ঘ খরা ও দাবদাহের পর গতকাল শনিবার বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে এলেও বিপাকে পড়েছেন বোরো চাষিরা। এ সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়। একই দিন শিলাবৃষ্টি ও ঝড়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বর্তমানে সৈয়দপুরে ইরি-বোরো কাটা-মাড়াইয়ের মৌসুম চলছে। ঘণ্টাব্যাপী হঠাৎ বৃষ্টিতে অনেকের শুকাতে দেওয়া ধান ভিজে গেছে। দুদিন এই ধান থাকলে অঙ্কুরোদগম হবে। তাই এসব ধান নষ্ট হয়ে যাবে। হাতিখানা বানিয়াপাড়ার কৃষক কছিম উদ্দিন বলেন, বৃষ্টিতে স্বস্তি মিলেছে কিন্তু এখন ধান কাটার জন্য অতিরিক্ত টাকা গুনতে হবে। তবে বৃষ্টির সময় উপজেলার কাশিরাম ইউনিয়নের পূর্ব বেলপুকুর গ্রামে মোখলেছুর রহমান (৫০) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হন।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে শিলাবৃষ্টি ও ঝড়ে পীরগঞ্জ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুপুর পৌনে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
উপজেলার দৌলতপুর গ্রামের সেকেন্দার আলী বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে শিলাবৃষ্টিতে আমার দেড় একর জমির ধান ঝরে গেছে।’
চন্দরিয়া গ্রামের একরামুল হক বলেন, ‘মাত্র ১০-১৫ মিনিটের শিলাবৃষ্টিতে আমার চার বিঘা ধানের বেশির ভাগই ঝরে গেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে মাঠ পর্যায়ে ধান ও অন্যান্য ফসলের কিছুটা ক্ষতি হতে পারে। তবে ব্যাপক ক্ষতির খবর পাওয়া যায়নি।