শিলাবৃষ্টি, ঝড়ে ঠাকুরগাঁওয়ে পেঁয়াজবীজ চাষিদের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাগায়ন-সংকটের পর দুই দফা শিলাবৃষ্টি ও ঝড়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় পেঁয়াজবীজের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
গত রোববার ও গতকাল সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও, পারুয়া, চাড়োল ও সদর উপজেলার ভেলাজান, রুহিয়া, হরিপুরের বটতলী এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে পেঁয়াজবীজের খেত মাটিতে নুয়ে পড়েছে। ফুলের ডাঁটাগুলো ভেঙে পড়েছে। ফুলের মধ্যে থাকা দানা ঝরে গেছে।
কয়েকজন কৃষক বলেন, এ বছর এই পেঁয়াজের ফুলে মৌমাছি না বসায় পরাগায়নে সমস্যা হয়। এতে ফুলগুলো শুকিয়ে ঝরে যেতে থাকে। কৃষি বিভাগের পরামর্শে তাঁরা খেতে কৃত্রিমভাবে মৌমাছি চাষ শুরু করেন। এতে পরাগায়ন সমস্যা কেটে যেতে থাকে। কিন্তু চাষিদের এই খুশি স্থায়ী হয়নি। গত কয়েক দিনে এলাকায় ঝড়-বৃষ্টি হলেও খেতের তেমন ক্ষতি হয়নি। কিন্তু গত শনিবারের শিলাবৃষ্টি আর কালবৈশাখীতে পেঁয়াজবীজের খেত নষ্ট হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ বছর ৩৩৫ হেক্টর জমিতে পেঁয়াজবীজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবাদ হয়েছে ৩৫০ হেক্টর জমিতে।
বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রামের পেঁয়াজবীজ চাষি হায়দার আলী বলেন, চলতি মৌসুমে পেঁয়াজবীজের খেতে প্রথমে পরাগায়ন-সংকট দেখা দেয়। পরে ১২ হাজার টাকা খরচ করে খেতে মৌমাছির কৃত্রিম বাসা তৈরি করে এ সমস্যার কিছুটা সমাধান করলেও দুই দফা ঝড় ও শিলাবৃষ্টিতে খেত লন্ডভন্ড হয়ে যায়। এখন খেত থেকে ১০ কেজি বীজও পাবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন তিনি। এ বছর তাঁর প্রায় দুই লাখ টাকা লোকসান হবে।
একই উপজেলার পারুয়া গ্রামের মতিউর রহমান এ বছর দুই বিঘা জমিতে পেঁয়াজবীজের চাষ করেছিলেন। প্রতি বিঘায় ৪৫ হাজার টাকা খরচ করেছেন। নিয়মিত পরিচর্যায় জমিতে পেঁয়াজের থোকাও ফুটেছিল বেশ ভালো। কিন্তু শিলাবৃষ্টিতে তাঁর পুরো খেত নষ্ট হয়ে গেছে। এতে তাঁর ১ লাখ ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
বালিয়াডাঙ্গী কালমেঘ এলাকায় কথা হয় পেঁয়াজবীজের চাষি রনজিৎ বর্মণের সঙ্গে। তিনি বলেন, চলতি বছর তিনি দুই বিঘা জমিতে পেঁয়াজবীজের আবাদ করেছিলেন। খরচ হয়েছে ৫৫ হাজার টাকা। মৌমাছি কম আসায় ফুলে পরাগায়ন ঘটাতে চারজন শ্রমিক রাখেন। তাঁরা প্রতিদিন হাতের স্পর্শে এক ফুলের সঙ্গে অন্য ফুলের পরাগায়ন ঘটান। কিন্তু শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে।
সদর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের আরেক চাষি শিবু দেব বলেন, ‘আমি একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে বর্গা নেওয়া ১০ কাঠা জমিতে পেঁয়াজ রোপণ করেছিলাম। এখন সেখান থেকে এক টাকাও আসবে না। ঋণ আর বর্গাদারের টাকা কীভাবে শোধ করব, তা ভেবে পাচ্ছি না।’
হরিপুর উপজেলার বটতলা গ্রামের রিয়াজুল ইসলাম দুই বিঘা জমিতে পেঁয়াজবীজের চাষ করেছেন। তিনি বলেন, বাজারে পেঁয়াজবীজের যে চড়া দাম, তাতে পেঁয়াজবীজের চাষ এখন তাঁর কাছে সোনা চাষের মতো। লাভজনক হওয়ায় কয়েক বছর ধরেই চাষিরা পেঁয়াজবীজ উৎপাদনে ঝুঁকেছেন। কিন্তু এ বছর অনেক চাষির সর্বনাশ হয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম বলেন, পেঁয়াজবীজ চাষ করে এখানকার চাষিরা প্রতিবছরই লাভবান হন। এবার প্রথম দিকে পরাগায়নের সমস্যা দেখা দেয়। পরে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটিয়ে সে সমস্যা তাঁরা কাটিয়ে ওঠেন। কিন্তু এখন শিলাবৃষ্টি ও ঝড়ে অনেক চাষির ফলন নষ্ট হয়ে গেছে।