শিলাবৃষ্টিতে তামাক ও আমের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার, ইকরচালী ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিলাবৃষ্টি হওয়ায় মাঠের তামাক, আম ও লিচুর ক্ষতি হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে ওই শিলাবৃষ্টি হয়।

গতকাল মঙ্গলবার সকালে প্রামাণিকপাড়া গ্রামের লাল মিয়া, আজারুল ইসলামসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, ওই সময় হালকা বাতাসের সঙ্গে বড় ও মাঝারি আকারের শিলা পড়তে থাকে। এতে তামাকের ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ২৫ মিনিটের ওই শিলাবৃষ্টিতে তামাকের পাতা ছিন্নভিন্ন হয়ে গেছে। আম, লিচুর মুকুলও ঝরে পড়েছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। তিনি আরও জানান, বৃষ্টির সময় শিলা পড়ার তীব্রতা এত বেশি ছিল যে, পুরোনো টিন ছিদ্র হয়ে শিলা ঘরেও ঢুকে পড়ে।

কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় আম, লিচু ও তামাকের কিছুটা ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।