উত্তরার ৭ নম্বর সেক্টরে কোনো খেলার মাঠ নেই। একটি শিশুপার্ক আছে, কিন্তু সেখানে শিশুরা নিরাপদে খেলতে পারে না। রক্ষণাবেক্ষণের অভাবে পার্কের গাছগুলোর অনেক ডালপালা শুকিয়ে গেছে। যখন-তখন ভেঙে নিচে পড়ে।
গতকাল বুধবার এলাকায় গিয়ে এই অবস্থার কথা জানা যায়। এ ছাড়া ৭ নম্বর সেক্টরে সমস্যা প্রচুর। আবাসিক এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হোটেল-রেস্তোরাঁ, গ্যারেজসহ গড়ে উঠেছে অনেক অবৈধ স্থাপনা। এতে সৃষ্টি হচ্ছে যানজট। যেখানে-সেখানে জমে আছে আবর্জনা। কিছু রাস্তা চলাচলের অনুপযোগী। খেলার মাঠের মতো এলাকায় কাঁচাবাজারও নেই। এলাকাবাসী বাজার করেন প্রধান সড়কের অপর পাড়ে, অন্য সেক্টরে।
পূর্ব প্রান্তে ১ নম্বর সড়ক, পশ্চিমে ২৭ নম্বর সড়ক এবং সামনে মসজিদ রোড। এর মাঝে ৭ নম্বর সেক্টরের একমাত্র পার্ক। শিশুদের খেলার জায়গার পাশাপাশি রয়েছে বড়দের হাঁটার পথও। পার্কে ৫০টি কড়ইগাছ। মাঝে মাঝেই ডালপালা ভেঙে পড়ে। কিছুদিন আগে ছোট একটি ডাল পড়ে চোখে ব্যথা পায় সাত বছরের এক শিশু। তার মা-বাবা এ নিয়ে চিন্তিত।
ভ্রমণকারীরা বললেন, খেলতে গিয়ে শিশুরা যেমন ভয় পায়, হাঁটতে গিয়েও পড়তে হয় অস্বস্তিতে। সিটি করপোরেশনের অধীন হলেও এই পার্কের রক্ষণাবেক্ষণে তাদের পাওয়া যায় না।
উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পরিবেশবিষয়ক সম্পাদক রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, পার্কে শুধুই কড়ইগাছ। গাছগুলোর ডালপালা শুকনা। কিন্তু সেগুলো ছাঁটাই করার ক্ষমতা তাঁদের নেই। পার্কে ভ্রমণরত আবদুস সবুর, অমিয় মজুমদার, কেরামত হোসেনসহ সেক্টরের কয়েকজন বাসিন্দা বলেন, আবেদন সত্ত্বেও পার্কে কোনো গণশৌচাগার তৈরি করা হয়নি। এ জন্য হাঁটতে এসে নারীদের সমস্যা হয় বেশি।
যোগাযোগ করা হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সমাজকল্যাণ বিভাগ থেকে বলা হয়, পার্কের রক্ষণাবেক্ষণ করা হয় না, এটা ঠিক নয়। গাছের বিষয়ে কোনো অভিযোগ তাঁদের কাছে আসেনি। গাছ না কেটে পার্ককে নিরাপদ রাখার বিষয়টি বিশেষভাবে দেখা হবে। উত্তরা কার্যালয় থেকে বলা হয়, গণশৌচাগার করার বিষয়টি বিবেচনায় আছে।
বেহাল সড়ক: দাদির সঙ্গে স্কুল থেকে বাসায় ফিরছিল ছোট্ট অস্মি। যাতায়াতের রাস্তা এতই বেহাল যে, রিকশাচালক এগোতে রাজি হলো না। অগত্যা বাসা থেকে কিছু দূরেই নেমে পড়তে হলো। বিরক্ত অস্মি, আপন মনেই বলে উঠল, ‘বৃষ্টি নেই, তারপরও রাস্তায় পানি কেন?’
গতকাল বেলা পৌনে ১১টার দিকে এই সেক্টরের ২৯ নম্বর সড়কে গিয়ে এই দৃশ্য দেখা যায়। উত্তরায় মঙ্গলবার বৃষ্টি হয়নি। গতকাল সকালেও হয়নি। কিন্তু ভাঙা রাস্তার গর্তে দুদিন আগের বৃষ্টির পানি জমে আছে। এলাকায় ফল বিক্রি করতে বেরিয়েছিলেন এক ফেরিওয়ালা। বললেন, তাঁদের গ্রামের রাস্তাও এর চেয়ে ভালো।
এই সেক্টরে সড়ক রয়েছে ৩৬টি। শাখা সড়ক ৮টি। বেশির ভাগই খারাপ। তবে মসজিদ রোড ও ১, ৪, ৬, ২৭ ও ৩৫ নম্বর সড়কে গিয়ে মেরামতের কাজ চলতে দেখা যায়।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরতউল্লাহ বলেন, পর্যায়ক্রমে সব সড়কই মেরামত করা হবে। চলতি বাজেটে না হলে পরবর্তী অর্থবছরের বাজেটে সড়ক সংস্কার হবে।
কিছু সড়ক ঘুরে দেখা যায়, ময়লা-আবর্জনা পড়ে আছে। তেমনই একটি ১ নম্বর সড়ক। দিনের পর দিন পরিষ্কার না করার কারণে আবর্জনা শক্ত হয়ে গেছে। ২৮ নম্বর সড়কেও একই অবস্থা। ১ নম্বর সড়কের বাসিন্দা আবদুন নূর বলেন, সিটি করপোরেশন একদিন ময়লা পরিষ্কার করে তো পাঁচ দিন করে না। নর্দমায় ময়লা আটকে থাকে।
সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেই যানজট: আবাসিক এলাকা হলেও সেক্টরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে ৩০টি। হোটেল-রেস্তোরাঁ রয়েছে ২০টির মতো। অসংখ্য মোটর গ্যারেজ। যেখানে এসব প্রতিষ্ঠান, সেখানেই যানজট। এমনকি লেক পারে যে ‘ড্রাইভওয়ে’ তৈরি হয়েছে, সেখানেও অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান। ৩৫ নম্বর সড়কে যানজট সবচেয়ে বেশি। এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও করা হয়েছে দোকানপাট। রাজউক মাঝে মাঝে অভিযান চালালেও এসব অবৈধ স্থাপনা থেকেই যায়।
জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওই এলাকার অথরাইজড কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ছোটখাটো ত্রুটি ছাড়া বর্তমানে বড় ত্রুটি ধরা হচ্ছে না। সময় দিয়ে নোটিশ করা হচ্ছে। ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে।