শীতে কাঁপছে উত্তরাঞ্চল

কুড়িগ্রামে গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শীতজনিত রোগে গত এক সপ্তাহে এখানে মৃত্যু হয়েছে শিশু-বৃদ্ধসহ ১১ জনের। তীব্র শীত কামড় বসাচ্ছে নীলফামারী, নাটোরসহ দেশের পুরো উত্তরাঞ্চলে।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর রহমান সরদার বলেন, ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত এই হাসপাতালে ১১ রোগীর মৃত্যু হয়েছে। শীতজনিত রোগে গতকাল পর্যন্ত ভর্তি হয়েছে ১৮০ জন রোগী।
তীব্র শীতের কারণে কুড়িগ্রামের নদ-নদীর তীরবর্তী চরাঞ্চল, গ্রাম ও শহরের বাসিন্দারা অসহনীয় কষ্টে পড়েছে। অনেক জায়গায়ই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দরিদ্র মানুষেরা।
ধরলা নদীর তীরবর্তী ছত্রপুর গ্রামের ফজেলা বেওয়া (৬৫) বলেন, ‘বন্যায় সউগ ভাষে নিয়া গেইচে। আবাদ শ্যাষ। এল্যা শীত আসছে। হামরা কেমন করি বাঁচি বা। খুব কষ্ট।’
কুড়িগ্রাম ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ত্রাণ বিভাগ থেকে জেলার ৯টি উপজেলায় ৫৭ হাজার কম্বল সরবরাহ করা হয়েছে। সেগুলো বিতরণের প্রক্রিয়ায় রয়েছে।
নীলফামারীতে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয় গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে এখানে তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আসাদ আলম বলেন, গতকাল পর্যন্ত এই হাসপাতালে ২৬টি শিশুসহ ১৩৮ জন রোগী ভর্তি আছে। বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে শিশুসহ ২০০ রোগীর। অধিকাংশই শীতজনিত রোগে আক্রান্ত।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান বলেন, সরকারিভাবে বিতরণের জন্য ৪১ হাজার ৯৩৭টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। গতকাল পর্যন্ত সব বিতরণ করা হয়েছে। নতুন করে আরও ২০ হাজার কম্বল এবং ২০ হাজার জ্যাকেট ও সোয়েটার বরাদ্দ চাওয়া হয়েছে।
নাটোরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। হাটবাজারের অধিকাংশ দোকান বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যার পরপরই। বেলা ১১টার আগ পর্যন্ত অধিকাংশ দোকানই বন্ধ থাকছে। গতকাল সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থী উপস্থিতি কম পাওয়া যায়।