
বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে জেঁকে বসেছে শীত। গতকাল সোমবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে। তা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর হিমেল বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১ কিলোমিটার।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠছে। আরও দু-এক দিন এই অবস্থা বিরাজ করতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত যে কমে যাবে এমনটা নয়। এখন কখনো শীতের তীব্রতা বাড়বে আবার কখনো কমবে—এই অবস্থা চলতে থাকবে।
আনিসুর রহমান বলেন, কুয়াশা থাকলে তাপমাত্রা বেশি থাকে, তবে শীত অনুভূত হয়। বর্তমানে উত্তুরে বাতাস বয়ে চলার কারণে কুয়াশা তেমন একটা দেখা যাচ্ছে না। তবে দক্ষিণ দিকে বয়ে চলা বাতাসে কুয়াশার পরিমাণটা বাড়বে। তাই বলা চলে, শৈত্যপ্রবাহ চেলে গেলে কুয়াশার পরিমাণ বাড়বে।
এদিকে ঠান্ডা বাতাস ও তীব্র শীতে কাতর হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। দুপুরের রোদেও গরম কাপড় মুড়িয়ে চলাফেরা করতে হচ্ছে পথঘাটে। হাসপাতালগুলোয় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠদের সংখ্যাই বেশি। যথাসময়ে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার পরও তীব্র শীতের কারণে পথঘাট অনেকটা ফাঁকা থাকছে।
চুয়াডাঙ্গায় চার দিন ধরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর গতকাল সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা জেলায় গত পাঁচ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০১৪ সালের ৯ জানুয়ারি ৬ দশমিক ১, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি ৭, ২০১৬ সালের ২৪ জানুয়ারি ৬ দশমিক ১ ও ২০১৭ সালের ১৪ জানুয়ারি ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা ছিল ওই বছরগুলোর সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে গতকাল সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে সূর্যের লুকোচুরি আর উত্তরের কনকনে হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গার স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। কনকনে ঠান্ডা হাওয়ায় হাড় কাঁপানো শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। শহরে লোক চলাচল অনেক কমে গেছে।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গত কয়েক দিনে বেড়েছে শীতজনিত রোগবালাই। শীতার্ত মানুষের পাশাপাশি পশুপাখির দুর্ভোগের মাত্রাও বেড়ে গেছে। ধানের বীজতলা ও আলুখেত নিয়ে কৃষকেরা পড়েছেন দুশ্চিন্তায়।
তীব্র শীতের মধ্যেও ছিন্নমূল ও হতদরিদ্রদের জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে। যে কারণে তাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। পুরোনো বাড়ার বাসিন্দা রিকশাচালক লেলিন হোসেন বলেন, ‘এবেড্ডা জাড়ের (শীত) ঠেলায় রিসকা চালানোই যাচ্চে না।’