শীতের তেমন দেখা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজির নভেম্বর চলে এসেছে। আর বাংলার কার্তিক মাসও প্রায় শেষের দিকে, তবু শীতের তেমন দেখা নেই। দিনের বেলা ঘরের বাইরে বের হলে উল্টো সূর্যের প্রখরতা শরীর পুড়িয়ে দিচ্ছে। এর সঙ্গে বাতাসে মিশে আছে ধুলোবালি। 
কেবল রাজধানী ঢাকা নয়, সারা দেশে শীত খুব একটা পড়ছে না। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গতকাল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২, চট্টগ্রামে ৩০, সিলেটে ৩৩ দশমিক ৪, রাজশাহীতে ৩২ দশমিক ৩, রংপুরে ৩১, খুলনায় ৩২ দশমিক ২ ও বরিশালে ৩২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৪ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিশেষজ্ঞদের মতে, যানবাহন, কল-কারখানা, আবাসিক-বাণিজ্যিক ভবন বেশি ও গাছপালা কমে যাওয়ার কারণে গ্রামের চেয়ে শহরে গরম বেশি অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, উত্তর গোলার্ধে এখন সূর্যের অবস্থান উত্তর থেকে দক্ষিণের দিকে নামছে। সূর্য আরও দক্ষিণ দিকে নেমে গেলে শীত বাড়বে। আশা করা যায়, নভেম্বরের শেষে শীত পড়তে থাকবে।