শীতের দাপট আরও বাড়বে
মাঘের শুরুটা এবার অন্য রকমই ছিল। হিমেল বাতাসের দাপটকে ম্লান করে সকালটা সোনারোদের দখলেই থাকত। রাজধানীতে তো শীতের বিদায়ের আমেজই যেন বাজছিল। গত দুই দিনে মাঘের শীত যেন স্বমহিমায় হাজির হয়েছে। রাজনীতির উত্তাপের উল্টো পথেই যেন হাঁটছে তাপমাত্রার পারদ।
গতকাল সোমবারের শীত আর কুয়াশার দাপট রাজনীতির বাদানুবাদের চেয়ে দেশজুড়ে কম আলোচিত ছিল না। এককথায় রাজনীতির উত্তেজনার পাশাপাশি সারা দেশে শীতে কাঁপুনি বেড়েছে।
গত দুই দিনের হাড়কঁাপানো শীত মাঘ মাসের বাঘ পালানোর আমেজকেই মনে করিয়ে দিয়েছে। আকাশ কুয়াশার দখলে চলে যাওয়ার ফলে সূর্য যেন দৃশ্যপট থেকেই বিদায় নিয়েছে। আর তাই তো দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য বড়জোর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠা–নামা করছে। রাজধানীতে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদেরা বলছেন, দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের দাপট বেড়েছে। সঙ্গে উত্তুরে হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।
তবে দেশের উত্তরাঞ্চলের তুলনায় রাজধানীর শীতকে তো কমই বলা যায়। গতকাল রাজশাহী বিভাগের গড় সর্বনিম্ন তাপমাত্রা তো ১০ ডিগ্রির নিচে নেমে আসে। খুলনা আর রংপুরের শীত একই মাত্রায় অনুভূত হয়েছে। দেশজুড়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণেই এমনটা ঘটছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
২০ দলের চলমান অবরোধ কর্মসূচির মতো আজ মঙ্গলবারও সারা দেশে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে আজকের শীতের দাপট গতকালের চেয়ে বাড়বে বলেই তাঁরা মনে করছেন। শৈত্যপ্রবাহের মাত্রা আজ একটু বেড়ে মাঝারি থেকে ভারী মাত্রা পাবে। গত দুই দিনের মতো গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেই ঈশ্বরদীতেই। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানালেন, এই মাসের পুরো সময়জুড়েই শীত থাকবে। তবে ২২ জানুয়ারির পর থেকে শৈত্যপ্রবাহের দাপট কমে গিয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।