
আগের বর্ষায় ক্ষতিগ্রস্ত রাজশাহীর টি-গ্রোয়েন নিয়ে শুকনা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করেনি। এখন পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গতবারের মতোই তারা বালুর বস্তা ফেলেই বাঁধটি রক্ষার চেষ্টা শুরু করেছে। এদিকে নগরের পঞ্চবটী থেকে তালাইমারী এলাকায় পদ্মা নদীর পাড় স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়নি। ওই এলাকায় ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, নগরের শ্রীরামপুর এলাকায় এই গ্রোয়েনটি ১৯৮২ সালের দিকে নির্মাণ করা হয়েছে। সর্বশেষ ’৯৮ সালে সংস্কার করা হয়েছে। গত বছরের আগস্টে পদ্মার পানির তোড়ে গ্রোয়েনে ফাটল দেখা দেয়। এর প্রায় ৫ ফুট ভেঙে যায়। এ ছাড়া আরও প্রায় ৫ ফুট দেবে যায়। এই বাঁধ ভেঙে গেলে শহর রক্ষা বাঁধেও ভাঙন দেখা দেবে—এমন আশঙ্কায় তখন তড়িঘড়ি করে বালুর বস্তা ফেলে কোনোমতে গ্রোয়েনটি রক্ষা করা হয়। কিন্তু পানি কমার পর সেটি স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। এবার আবারও পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। একইভাবে সেখানে ফেলা হচ্ছে বালুর বস্তা।
গতকাল মঙ্গলবার দুপুরে গ্রোয়েনের কাছে গিয়ে দেখা যায়, টি-গ্রোয়েনের পাশেই বড় একটি বালুর স্তূপ। সেখান থেকে বালু ভরা হচ্ছে জিও ব্যাগে। নৌকায় তুলে সেসব ব্যাগ টি-গ্রোয়েনের আশপাশে ফেলা হচ্ছে। বেশ কিছু শ্রমিক এসব কাজ করছেন। আর একটু দূরেই তৈরি করে রাখা হয়েছে কিছু কংক্রিটের ব্লক।
স্থানীয় লোকজন জানান, টি-বাঁধের পাশে যেখানে এখন বালুর বস্তা ফেলা হচ্ছে, শুষ্ক মৌসুমে তার পাশ থেকেই তোলা হয় বালু। এতে নদীতে একটু পানি বাড়লেই ঝুঁকিতে পড়ে টি-বাঁধ। এবারও সামান্য পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঁধটি ঝুঁকির মধ্যে পড়েছে।

বাঁধের এমন ঝুঁকির কথা শুনে গতকাল দুপুরে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর নেতৃত্বে দলটির স্থানীয় কয়েকজন নেতা টি-বাঁধ পরিদর্শনে যান। এ সময় দেবাশীষ প্রামাণিক বলেন, জিও ব্যাগ ফেলাটা কোনো সমাধান নয়। স্থায়ীভাবে গ্রোয়েনটি সংস্কার করার উদ্যোগ নিতে হবে।
পাউবো সূত্রে জানা গেছে, পদ্মার পানির বিপৎসীমার ১৮ দশমিক ৫০ মিটার। গত বছর বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল পানি। এতেই ক্ষতিগ্রস্ত হয় টি-বাঁধ। এবার গতবারের মতো পানি প্রবাহিত হলেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল ওই এলাকায় পানির প্রবাহ ছিল ১১ দশমিক ২৯ মিটার। প্রায় ১০ দিন থেকে নদীর পানি বাড়ছে।
এদিকে নগরের পঞ্চবটী থেকে তালাইমারী পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় পদ্মা নদীর পাড় স্থায়ীভাবে সংরক্ষণ করা নেই। ইতিমধ্যে ওই এলাকায় ভাঙন শুরু হয়েছে। এলাকার বাসিন্দা সোহাগ রানা বলেন, প্রতিদিনই ভাঙন বাড়ছে। এখন পর্যন্ত পাউবোর পক্ষ থেকে ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এভাবে ভাঙতে থাকলে অল্প সময়ের মধ্যেই ভাঙন শহর রক্ষা বাঁধে এসে ঠেকবে।
পাউবোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, গত বছর টি-গ্রোয়েনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি সংস্কারসহ আরও কয়েকটি কাজের জন্য মন্ত্রণালয়ে তাঁরা সোয়া ২ কোটি টাকার চাহিদা দেন। কিন্তু বরাদ্দ মেলে মাত্র ৫০ লাখ টাকা। সেই টাকাতেই টি-গ্রোয়েনের পাশে জিও ব্যাগ ফেলার কাজ চলছে।