শুভাঢ্যা খালের বর্জ্য অপসারণ শুরু

ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলার ঐতিহাসিক শুভাঢ্যা খাল থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। বুড়িগঙ্গা নদীর শাখা চর কালিগঞ্জ থেকে গোলাম বাজার এলাকা পর্যন্ত খালের ময়লা, টুকরা কাপড়সহ অন্যান্য বর্জ্য তোলা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় শুভাঢ্যা খালে বুড়িগঙ্গা নদীর মুখ থেকে গোলাম বাজার এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছিল। এরপর খালে পানি প্রবাহ স্বাভাবিক হয়। খালটি আবার দখল ও ভরাট হয়ে যায়। ২০১২ সালের জুলাই মাসের শেষের দিকে উপজেলা প্রশাসন ৫৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে খালটি খনন ও উদ্ধারের কাজ শুরু করে। এর কয়েক মাসের মধ্যে আবারও খালটি দখল ও ভরাট হয়ে যায়।
আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায় গিয়ে দেখা গেছে, ভেকুর সাহায্যে খাল থেকে ময়লা আবর্জনা ও গার্মেন্টেসের টুকরো কাপড় অপসারণ করা হচ্ছে। এ ছাড়া খেয়া নৌকার সাহায্যে পরিচ্ছন্নতাকর্মীরা খাল থেকে বর্জ্য আবর্জনা অপসারণ করছেন। পরে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, দুই দিন আগ থেকে খালটির দখল ও দূষণ রোধে কাজ শুরু হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু ট্রাস্ট তহবিলের বরাদ্দ করা প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে খালের ১ দশমিক ৩ কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃ খনন এবং খালের দুই পাশে ২ লাখ ১১ হাজার ৭৩৮টি ব্লক বসিয়ে তীর সংরক্ষণ করা হবে।
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘খালটির দখল ও দূষণ রোধে সরকার বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই কেরানীগঞ্জের ঐতিহ্য শুভাঢ্যা খালটি দখল ও দূষণ করতে দেওয়া যাবে না।’