শুশুকটিকে বাঁচাতে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুশুকটি নৌকায় তুলে ঘাটে নিয়ে আসেন জেলেরা। ছবি: প্রথম আলো
শুশুকটি নৌকায় তুলে ঘাটে নিয়ে আসেন জেলেরা। ছবি: প্রথম আলো

গত মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে প্রায় আড়াই মণ ওজনের একটি শুশুক আটক করেন জেলেরা। জানা গেছে, ধরলা সেতুর এক কিলোমিটার পশ্চিমে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন কাঁঠালবাড়ী ছিনাই এলাকার হাড্ডু মিয়াসহ একদল জেলে। শুশুকটি তাঁদের জালে আটকা পড়ে। প্রায় সাড়ে চার ফুট লম্বা শুশুকটিকে নৌকায় তুলে ঘাটে নিয়ে আসেন জেলেরা।

জেলে হাড্ডু মিয়া বলেন, শুশুকটি বিক্রির জন্য ভ্যানগাড়িতে করে রাজারহাট উপজেলার ছিনাই বাজারে নিয়ে আসার পথে কয়েকজন যুবক ১৫ হাজার টাকায় কিনে নেন। এরপর তাঁরা সেটি ছিনাই বাজারে নিয়ে আসেন। বাজারে শুশুকটিকে দেখতে অসংখ্য মানুষ ভিড় জমায়। উপস্থিত লোকজনের মধ্যে কেউ একজন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হক প্রধানকে খবর দেন। খবর পেয়ে মো. রাশেদুল হক প্রধান ঘটনাস্থলে এসে দেখেন শুশুকটি বেঁচে আছে, নড়াচড়া করছে। এরপর শুরু হয় শুশুকটি বাঁচানোর চেষ্টা।
ছিনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান হক জানান, ইউএনও যুবকদের বুঝিয়ে শুশুকটিকে তাঁদের কাছ থেকে উদ্ধার করেন। এরপর ছিনাই ইউনিয়ন পরিষদসংলগ্ন স্থানীয় এক ব্যক্তির নির্মাণাধীন ঘরের ভেতর গর্ত করে পলিথিন বিছিয়ে পানিতে রাখা হয় শুশুকটিকে। প্রায় চার ঘণ্টা পর পানি পেয়ে শুশুকটি প্রাণ ফিরে পায়।

এর মধ্যে ইউএনও রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এক ঘণ্টার মধ্যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমেই শুশুকটির স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর রাত ১২টার দিকে স্থানীয় যুবকেরাই এটিকে চিড়িয়াখানার গাড়িতে তুলে দেন।

ঘরের ভেতর গর্ত করে পলিথিন বিছিয়ে পানিতে রাখা হয় শুশুকটিকে। ছবি: প্রথম আলো
ঘরের ভেতর গর্ত করে পলিথিন বিছিয়ে পানিতে রাখা হয় শুশুকটিকে। ছবি: প্রথম আলো

এ সময় রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাক্তার মো. জসিম উদ্দিন বলেন, ‘দীর্ঘক্ষণ পানির বাইরে থাকা এবং ভ্যানগাড়িতে করে বেঁধে পরিবহনের ফলে প্রাণীটি দুর্বল হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টায় এটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব।’

জসিম উদ্দিন বলেন আরও বলেন, ‘চিড়িয়াখানায় এ ধরনের প্রাণী এটিই প্রথম। এটি শুধু রংপুর চিড়িয়াখানা নয়, আমার জানা মতে এটি দেশের চিড়িয়াখানাগুলোর মধ্যে প্রথম শুশুক কালেকশন। এটি রংপুর চিড়িয়াখানার লেকে ছেড়ে দেব। প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, এগুলো পাখাহীন, ভোঁতা নাসারন্ধ্র সরু হয়ে আসা দেহবিশিষ্ট ডলফিনজাতীয় মাঝারি জলজ স্তন্যপায়ী প্রাণী। শুশুক নামে পরিচিত। জেলেরা শিশু বলে চেনেন।

প্রসঙ্গত, ধরলা নদীতে কয়েক দিন আগে নির্মল বিশ্বাস নামের এক জেলের জালে দুটি ডলফিন ধরা পড়ে। তাঁরা সেগুলো বিক্রি করে দেন। জেলে হাড্ডু মিয়া (৪৮) জানান, এর তেল বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার হয়। শুশুকের তেল প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়ে থাকে বলে তিনি জানান।