শেরপুরে পাঁচ ইউনিয়ন প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি ও নালিতাবাড়ীর ভোগাই নদীতে পাহাড়ি ঢলের ফলে শেরপুরের সদর ও নকলা উপজেলার পাঁচ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত ৩০ গ্রামের পাঁচ শতাধিক হেক্টর জমির রোপা আমন ধান, আমন বীজতলা ও সবজি আবাদ পানিতে নিমজ্জিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার সকালে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পায়। ফলে নদসংলগ্ন সদর উপজেলার চরপক্ষীমারী, কামারেরচর ও চরমোচারিয়া ইউনিয়নের ১২ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এর মধ্যে চরপক্ষীমারী ইউনিয়নের ডাকাতের ঘোপ, ভাগলগড়, ব্যাপারীপাড়া, চুনিয়ারচর ও জঙ্গলদী; কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর ও ৭ নম্বর চর, গোয়ালপাড়া, পয়স্তিরচর ও গুচ্ছগ্রাম এবং চরমোচারিয়া ইউনিয়নের টানকাছার ও হরিণধরা গ্রাম রয়েছে।

সদরের গাজীরখামার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওলাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোগাই নদীতে পাহাড়ি ঢলের ফলে তাঁর ইউনিয়নের পলাশিয়া, কেজারপাড়, শালচূড়া, গজারিয়া, চকপাড়া, গীর্দ্দাপাড়া, কুড়ালিয়াকান্দা, কাওয়াবিচি, বুড়িয়ারপাড় ও কান্দাপাড়া গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব গ্রামের অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং রোপা আমন ধানের খেত পানিতে নিমজ্জিত রয়েছে।

অপরদিকে নকলার উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক বলেন, পাহাড়ি ঢলের ফলে তাঁর ইউনিয়নের উরফা, তারাকান্দা, পিছলাকুড়ি, বারমাইসা, হাসনখিলা, রানীশিমুল, লয়খা ও কুড়েরকান্দা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব গ্রামের বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পিছলাকুড়ি উচ্চ বিদ্যালয় ও পিছলাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ওঠায় এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. আশরাফ উদ্দিন আজ সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, প্রাথমিক হিসেবে বন্যা ও পাহাড়ি ঢলে নকলা ও সদর উপজেলার ৫৪০ হেক্টর জমির রোপা আমন খেত পানিতে নিমজ্জিত হয়েছে।

অপরদিকে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শেরপুর জেলার কৃষকদের পুনর্বাসনের জন্য ১০০ মেট্রিক টন ধান বীজ বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পূর্ণ প্রস্তুতি রয়েছে।