শেরপুরে পানি বাড়ছে, ভেঙে গেছে বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ, খামারকান্দি ও খানপুর ইউনিয়ন এলাকায় বন্যার পানি ঢুকতে শুরু করেছে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির আমন ও সবজিখেত। উপজেলার সাহেববাড়ী ঘাট বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।

ওই সব ইউনিয়নের জনপ্রতিনিধিরা বলেন, উপজেলার বাঙ্গালী নদীর সংযোগ খাল দিয়ে গত শনিবার বিকেল থেকে বন্যার পানি গাড়িদহ, খামারকান্দি ও খানপুর ইউনিয়নে ঢুকছে। পানি বাড়া অব্যাহত রয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে ফসলের খেত। পানিতে গ্রামীণ সড়কগুলো ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত আড়াই হাজার পরিবার।

উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বলেন, গতকাল রোববার বিকেল পর্যন্ত উপজেলার ওই সব ইউনিয়নে সাড়ে ৩ হাজার একর জমির আমন ও ১১০ একর জমির সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও ফসলের খেত ডুবে যেতে পারে।

উপজেলার সুঘাট ইউপির চেয়ারম্যান আবু সাঈদ বলেন, গত দুই দিনে উপজেলার সাহেববাড়ী বাঁধে ভাঙনে প্রায় ১৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে হুমকির মুখে পড়েছে পাশের ১৫টি গ্রামের মানুষ। বাঙ্গালী নদীতে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর তীরবর্তী চরকল্যাণী ও চরবেলগাছি গ্রামের আমন ধানের খেতগুলো পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, উত্তরের জেলাগুলোতে বন্যার পানি কমতে শুরু করায় ভাটি এলাকা হিসেবে বগুড়ার শেরপুরে বন্যার পানি বাড়ছে। আরও দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। গতকাল রোববার বেলা তিনটা পর্যন্ত বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল।