শেরপুরে ৩৭ গ্রাম প্লাবিত
শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের পানি বাড়া আজ রোববারও অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্রসংলগ্ন পাঁচটি ইউনিয়নের ৩৭টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। আজ সকালে বন্যার পানিতে ডুবে স্কুলের এক ছাত্র মারা গেছে। এর আগে গতকাল শনিবার একজনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুজন হলেন সদর উপজেলার পোড়ার দোকান এলাকায় চরশ্রীপুর গ্রামের আমেজ উদ্দিনের ছেলে ও চরশ্রীপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. আবদুর রশিদ (১৪) এবং কামারেরচর ইউনিয়নের যোগিনীবাগ খড়িয়া গ্রামের জমশেদ আলী (৫০)।
বন্যায় প্লাবিত ওই পাঁচটি ইউনিয়ন হলো: চরপক্ষীমারী, চরমোচারিয়া, কামারেরচর, বলাইয়েরচর ও বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন। এসব ইউনিয়নের ৩৭টি গ্রামে কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এ ছাড়া বন্যায় সদ্য রোপণ করা আমন ও আধা পাকা আউশ ধানের খেত পানিতে তলিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন কৃষকেরা।
ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির কারণে শেরপুর-জামালপুর মহাসড়কের সদর উপজেলার পোড়ার দোকান এলাকার সড়কে দেড় ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শেরপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. হাছানুজ্জামান প্রথম আলোকে বলেন, সকালে ব্রহ্মপুত্র নদে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২৫ সেন্টিমিটার। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি বিপত্সীমার শূন্য দশমিক ৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শেরপুর সদর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন প্রথম আলোকে বলেন, ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি ও নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢোকায় পাঁচটি ইউনিয়নের ৩৭টি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, বন্যায় সদর উপজেলার তিন হাজার ৫০০ হেক্টর জমির আমন খেত ও ৫০ হেক্টর জমির আউশ ধান পানিতে তলিয়ে গেছে।