শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা উত্তর গান্ধীগাঁও গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
গত বছরের আগস্ট থেকে এ নিয়ে ঝিনাইগাতী-শ্রীবরদী গারো পাহাড়ের পাদদেশ থেকে পাঁচটি হাতির মরদেহ উদ্ধার করল বন বিভাগ। এর আগে গত বছরের ৬ ও ৮ অক্টোবর শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা রাঙাজান ও বালিজুড়ী গ্রামের ধানখেত থেকে দুটি এবং ওই বছরের ১২ আগস্ট ও ১৮ অক্টোবর ঝিনাইগাতী উপজেলার হালুয়াহাটি ও হালচাটি গ্রাম থেকে দুটি হাতির মরদেহ উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকালে ঝিনাইগাতী উপজেলার উত্তর গান্ধীগাঁও গ্রামের একটি মাঠে কয়েকজন ব্যক্তি একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বন বিভাগের গজনী বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন।
বন বিভাগের গজনী বিট কর্মকর্তা মো. আবদুর রফিক প্রথম আলোকে বলেন, মৃত হাতিটির বয়স সাত থেকে আট বছর হবে। এটি পুরুষ হাতি। হাতিটির বাঁ কানের নিচ দিয়ে পুঁজ বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে এটি মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, মৃত হাতিটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ময়নাতদন্ত করার পর এটিকে মাটিচাপা দেওয়া হবে।