শেষ হলো বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের পাঁচ দিনের ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার বিকেলে অনলাইনে বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের পাঁচ দিনব্যাপী ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতির উদ্দেশ্যে বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের পাঁচ দিনব্যাপী ক্যাম্প শেষ হয়েছে। শুক্রবার বিকেলে অনলাইনে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান হয়। ক্যাম্পে অংশগ্রহণকারী দেশের ৫০ জন শিক্ষার্থী আগামী ১৩ আগস্ট আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের প্রথম পর্বে অনলাইনে অংশ নেবে।

অনলাইনে আয়োজিত ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘জলবায়ু পরিবর্তনকে আমাদের মেধা, জ্ঞান ও বুদ্ধি দিয়ে মোকাবিলা করতে হবে।’ তিনি আশা করেন, ‘অন্যান্য আন্তর্জাতিক অলিম্পিয়াডের মতো এখানেও আমাদের শিক্ষার্থীরা ভালো করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তন বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে কেন্দ্র করে অলিম্পিয়াড অনেক প্রশংসনীয়।’ মহামারি শেষে তিনি ক্যাম্পে অংশগ্রহণকারীদের নিয়ে আবাসিক ক্যাম্প এবং জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চল ঘুরিয়ে দেখানোর প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের পাঁচ দিনব্যাপী ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখোমুখি হওয়ার জন্য তরুণ প্রজন্মকে এখন থেকে প্রস্তুতি নিতে আহ্বান জানান।

গত ১৬ জুলাই শুক্রবার দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। প্রথম পর্বের অংশগ্রহণকারী ১ হাজার ৪০০ জনের মধ্যে ২৫০ জন ১৯ জুলাই চূড়ান্ত পর্বে অংশ নেয়। সেখানকার বিজয়ী ৫০ জন ২৬ জুলাই থেকে ক্যাম্পে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান প্রমুখ। এ ছাড়া ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে নুরেন তাসনিম এবং নাইমুল ইসলাম তাদের অভিজ্ঞতা তুলে ধরে।