শৈলকুপার তিনটি ইউনিয়নের অধিকাংশ পুকুরের পানি নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের কারণে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিনটি ইউনিয়নের অধিকাংশ পুকুরের পানি নষ্ট হয়ে গেছে। পুকুরে থাকা মাছ মরে যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন গ্রামবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল উপজেলার হাকিমপুর, সারুটিয়া ও কাচেঁরকোল ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে তিনটি ইউনিয়নে ৪ হাজার ৯১টি পরিবারের ঘরবাড়ি আর ফসলের ক্ষতি হয়েছে। সাড়ে ছয় হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ওই সব এলাকায় ৭৭৭টি ছোট-বড় পুকুর রয়েছে, যেগুলোতে মাছ চাষ হয়। প্রায় ৮০ ভাগ পুকুরের পানিই নষ্ট হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার হাকিমপুর, সারুটিয়া ও কাচেঁরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বেশির ভাগ পুকুরের পানি কালো হয়ে গেছে। পানি থেকে গন্ধ বের হচ্ছে। পুকুরে থাকা সব মাছ মারা যাচ্ছে বলে জানান সেখানকার মানুষ।
সারুটিয়া ইউনিয়নের মৌকুড়ি গ্রামের রেজাউল করিম জানান, তাঁর বাড়ির সঙ্গেই একটি পুকুর রয়েছে। ঝড়ের পর গাছের ডাল ভেঙে আর পাতা উড়ে পড়ে ওই পুকুরে। এর পর থেকে পুকুরের পানির রং বদলে যাচ্ছে। পুকুরে থাকা মাছ মারা যাচ্ছে। তাঁর পুকুরের ছয় থেকে সাত হাজার টাকার মাছ মারা গেছে।
একই ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের আবদুর রাজ্জাক জানান, তাঁর তিন বিঘা জলাকারের একটি পুকুর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। গাছের পাতা আর ময়লা-আবর্জনায় এর পানি পচে নষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেন, গত মঙ্গলবার হঠাৎ করে পুকুরের মাছ লাফাতে শুরু করে। একপর্যায়ে মাছগুলো মারা যায়।
সারুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল হাসান জানান, তাঁর নিজের এক একর জলাশয়ের দুটি পুকুরের একই অবস্থা হওয়ায় তিনি শ্যালো মেশিনের সাহায্যে পানি ফেলে দিয়েছেন। আর পুকুরে থাকা সব মাছ বিক্রি করে দিয়েছেন।
কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান মামুন জোয়ার্দার বলেন, তাঁর ইউনিয়নের অধিকাংশ গ্রামের পুকুরের পানি নষ্ট হয়ে গেছে। পাশের নদীর পানি একটু স্বাভাবিক আছে। সেটা দিয়েই কাজ চালাতে হচ্ছে।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঝড়ের কারণে পুকুরের পানি নষ্ট হয়ে যাচ্ছে—এ বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। পানিতে পাতা পড়লে তা পচে পানির অক্সিজেন-সংকট হতে পারে। এতে পানির রং বদলে যায়। এতে পুকুরের মাছ মারা যাবে। এ ক্ষেত্রে শতকপ্রতি ২৫০ গ্রাম চুন দিলে কিছুটা ভালো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সরকার জানান, এলাকার মানুষ বিষয়টি তাঁদের জানায়নি। জানালে তাঁরা খোঁজ নিয়ে দেখবেন।