শোভাময় গঙ্গাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গঙ্গাতারা, চট্টগ্রামের শীতল ঝরনা খালের তীর থেকে
ছবি: লেখক

প্রাক্-শীতের দুপুরবেলা। চট্টগ্রাম শহরের খাল পর্যবেক্ষণ করছি পরিবেশগত প্রভাব সমীক্ষার কাজে। শহরের খালগুলো খনন করা হবে জলাবদ্ধতা দূরীকরণের জন্য। কর্ণফুলী ও বঙ্গোপসাগরের কন্যা চট্টগ্রাম শহরে যে অর্ধশতাধিক খাল (চশমার খাল, বাইজ্জার খাল, জামালখান খাল, বামনশায়ী খাল, ডোমখালী খাল, খন্দকীয়া খাল, মির্জা খাল, নয়া খাল, শীতল ঝরনা খাল, ত্রিপুরা খাল, উত্তরের খাল ইত্যাদি) রয়েছে, সেটা সিইজিআইএসের হয়ে পরিবেশগত সমীক্ষা কাজে নিয়োজিত না হলে জানা ও দেখা হতো না। খালগুলোর পাশের গাছপালা ও বন্য প্রাণী এবং বাস্তুসংস্থানগুলোর বর্তমান অবস্থা জানার জন্যই মাঠপর্যায়ে গবেষণাকাজে তিন সপ্তাহ পুরো চট্টগ্রাম শহর ও শহরতলির অলিগলি চষে বেড়িয়েছি। প্রতিটি খালের শুরু ও শেষ প্রান্তও দেখতে হয়েছে।

খালগুলো দেখে গুরুত্বপূর্ণ যে বিষয়টি খুঁজে পেয়েছি, তা হলো শহরবাসী সব ধরনের বর্জ্য (পলিথিন, গৃহের ময়লা, প্লাস্টিক, দোকানের ময়লা, বাজারের বাতিল পণ্য ইত্যাদি) শহরের খালে ফেলে, যে কারণে খালগুলোয় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। গবেষণাকাজের সময় শীতল ঝরনা খালের তীরে দেখি অনিন্দ্যসুন্দর ফুলটি। নাম গঙ্গাতারা।

উদ্ভিদটির বৈজ্ঞানিক নামের শেষ লাতিন শব্দটি হলো গ্যানজেটিকা। এই উদ্ভিদের উৎপত্তিস্থল হলো ভারতীয় উপমহাদেশের গাঙ্গেয় সমভূমি এলাকা। বিশ্বে দুটো উপপ্রজাতি রয়েছে। অন্য উপপ্রজাতির বিস্তার আফ্রিকাতে। ভারতীয় এবং আফ্রিকার মহাদেশীয় প্লেট একসময় একসঙ্গে ছিল। সম্ভবত ভারতীয় প্লেট অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে দুটি উপপ্রজাতির উদ্ভব ঘটেছে। জিওগ্রাফিক আইসোলেশনের কারণে অনেক নতুন প্রজাতির সৃষ্টি হয়।

গঙ্গাতারা একেন্থেসিসি পরিবারের উদ্ভিদ। ফুলের গঠনশৈলী আমাদের গ্রামবাংলার পথের ধারে ফোটা বাসক ফুলের মতো। উদ্ভিদ বীরুৎ, উচ্চতা প্রায় ১ মিটার হয়। ফুল অপ্রতিসম, পাপড়ি সাদা, তাতে নীল ছিট থাকে। পাতা সরল এবং বিপরীত। ফল সবুজ, পরিপক্ব হলে শুকিয়ে বাদামি হয়ে যায়। দুটো উপপ্রজাতির একটি এশিয়া এবং অপরটি আফ্রিকাতে। এশিয়ার উপপ্রজাতিটি বাংলাদেশে এখনো দেখতে পাইনি। তবে আফ্রিকার উপপ্রজাতিটি চট্টগ্রাম শহরেই প্রথম দেখি।

গঙ্গাতারা একটি শোভাময় উদ্ভিদ হিসেবে নানান দেশে লাগানো হয়েছে। তা ছাড়া আফ্রিকার কিছু দেশে পাতা সবজি হিসেবে খাওয়া হয় এবং ভেষজ ওষুধে পাতা ব্যবহার করা হয়, বিশেষ করে নাইজেরিয়াতে। গঙ্গাতারার ফুল ও পাতা প্রজাপতি, মৌমাছি ও অন্যান্য মধুপায়ী পোকামাকড়ের জন্য গুরুত্বপূর্ণ। আফ্রিকায় অন্তত সাত প্রজাতির প্রজাপতি ও মথের লার্ভা গঙ্গাতারাপাতা খেয়ে বেড়ে ওঠে। আমাদের দেশি প্রজাপতি ও মথের এ উদ্ভিদটির ওপর নির্ভরশীলতা নিয়ে গবেষণা হতে পারে।