সোনালু গাছটা হলুদ ফুলের ঝাড়বাতি ঝুলিয়ে কী সুন্দর দাঁড়িয়ে আছে বিশাল বাগানটার মধ্যিখানে। পাশের আমগাছটার কাণ্ডে ঝুলছে বেগুনি রঙের অর্কিড ফুলের ঝাড়-লতা। ওই ঝাড়-লতার পাশেই একটি গোলাপ জামের সরু ডালে বুক-পেট মিশিয়ে বসে সুরেলা শিস বাজিয়ে চলেছে একটি শ্যামাপাখি। বুকভরা আনন্দ ওর, চোখভরা খুশি। হবে না! অর্কিড ফুলঝোলা আমগাছটির কোটরের বাসায় এখন ডিমে তা দিচ্ছে ওর বউ। কয়েক দিন পরই ডিম ফুটে বেরোবে তিনটি ছানা। সেই খুশির সংবাদটা যেন এই দুপুরে বাগানের অন্য সব পাখিকে জানিয়ে দিচ্ছে শ্যামাটি।
এই ভর দুপুরবেলায় একটি বড় আকারের গুইসাপ হেলতে-দুলতে আর কৌতুকময় চোখে এগিয়ে আসছে এদিকে। থেমে গেল শ্যামাটির শিস। কর্কশ ডাক ছেড়ে উড়াল দিয়ে এগিয়ে গিয়ে তিরবেগে ডাইভ মারল ওটা গুইসাপটির পিঠে। গুইসাপটির একটু বোধ হয় সুড়সুড়ি লাগল, যে মোটা চামড়া ওটার!
সুরেলা গায়ক-সাহসী-কুশলী-বুদ্ধিমান ও চতুর শ্যামাদের পুরুষটি বেশি সুন্দর। পুরুষটির চিবুক-গলা-কপাল-মাথা-ঘাড় চকচকে কালো, তার ওপর নীলচে রঙের আভা। বুক-পেট শুকিয়ে যাওয়া আলতার মতো লাল। তাতে থাকে কমলা রঙের আভা। কোমর সাদা। লম্বা লেজটির উপরিভাগ কালচে-ধূসর। লেজের আগাটা কালো। কালো ঠোঁট, পা গোলাপি। মেয়েটি একনজরে কালচে-ধূসর পাখি, বুক-পেট হালকা কমলা-লাল। তবে প্রজনন মৌসুমে মেয়ে-পুরুষ দুটি পাখিরই যৌবনের রং বা রূপ খোলে।
আমাদের জাতীয় পাখি দোয়েলের নাম এলেই এসে পড়ে শ্যামার নাম। শ্যামার গলায় আছে নানান রকম সুরের কারুকাজ। জলতরঙ্গের মতো মিষ্টি বাজনাও যেন বাজাতে পারে। নিভৃতে থাকতে ভালোবাসে। বড় বড় ছায়াঢাকা বনবাগানই পছন্দ, বাঁশঝাড় বা বাঁশমহাল হলে তো সোনায় সোহাগা।
গানের পাখি শ্যামাদের মূল খাদ্য কেঁচো-টিকটিকি-গিরগিটির বাচ্চাসহ পোকামাকড়, ফুলের মধুরেণু ও তাল-খেজুরের রস। মাটিতে নেমে উইপোকার ঢিবি ঠুকরেও উইপোকা ও ওদের ডিম-বাচ্চা খায়। পিঁপড়ের ডিমও প্রিয় এদের। বাসা করে গাছের খোদলে-কোটরে। ডিম পাড়ে ২-৩টি। ডিম ফুটে ছানা হয় ১৩-১৬ দিনে। সারা দেশে দেখা যায় না এদের। আছে কিছু প্রাকৃতিক বন ও বাগেরহাট জেলার গ্রামীণ বনে।
বাগেরহাটে পুরুষটির নাম শ্যামাদোয়েল, মেয়েটি শ্যামারানী। এদের ইংরেজি নাম White-rumped Shama. বৈজ্ঞানিক নাম copsychus malabaricus. দৈর্ঘ ২৫ সেমি। ওজন ৩৩ গ্রাম।