সংরক্ষিত বনে তেলের ডিপো!

মহেশখালীর সংরক্ষিত বনে অপরিশোধিত তেলের ডিপো (ট্যাংক ফার্ম) ও পাইপলাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। এ জন্য তারা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে বনের ১৯১ একর জমি ইজারা চেয়েছে।
সংরক্ষিত বনভূমি ইজারা দেওয়ার ব্যাপারে আপত্তি তুলে বন বিভাগ বলছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার গাছ কাটা পড়বে। পাহাড় ও বনভূমিতে যে নির্মাণকাজ করা হবে, তাতে দ্বীপটির ভূমিক্ষয়, মাটি ও পানিদূষণ এবং তেল নিঃসরণসহ (অয়েল স্পিল) নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। এতে ওই এলাকার বন ও বন্য প্রাণীর ব্যাপক ক্ষতি হবে।
সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি বন বিভাগ থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতেও সংরক্ষিত এ বন ধ্বংসের আশঙ্কার কথা বলা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন। গত বছরের ১১ অক্টোবর বিষয়টি নিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকের কার্যপত্রে বলা হয়, ১৯৯৪ সালের বন নীতি অনুযায়ী, সংরক্ষিত বনভূমি সরকারপ্রধানের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ইজারা না দেওয়ার নির্দেশ রয়েছে। এ ছাড়া কোনো বনভূমি ইজারা না দিতে উচ্চ আদালতেরও নির্দেশনা রয়েছে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়।
এ বিষয়ে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী প্রথম আলোকে বলেন, ‘মহেশখালী দ্বীপে সংরক্ষিত বন ছাড়াও অনেক পতিত জমি রয়েছে। আমরা বনভূমি বাদ দিয়ে অন্য জমি নিলে তাতে কোনো আপত্তি করব না।’
বৈঠকে কার্যপত্রে আরও বলা হয়, প্রকল্পের জন্য যে জমি ইজারা চাওয়া হয়েছে, তাতে মহেশখালীর গোরকঘাটা রেঞ্জের ঝাপুয়া বিটের ম্যানগ্রোভ বন রয়েছে। সেখানে রয়েছে গর্জন, চাপালিশ, কড়ই, শিমুলসহ নানা প্রজাতির বৃক্ষ ও বন্য প্রাণীর আবাসস্থল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বনভূমি ইজারা দেওয়ার জন্য ইতিমধ্যে পরিবেশ ও বনমন্ত্রীর কাছে একটি আধা সরকারি পত্র দিয়েছেন। এতে বলা হয়েছে, আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল ও ডিজেল গভীর সমুদ্রবন্দরে অবস্থানরত জাহাজ থেকে চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে নেওয়ার জন্য ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ওই প্রকল্পের জন্য মহেশখালীর ১৯১ একর ভূমির দরকার হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এ বিষয়ে দুই মন্ত্রীর মধ্যে কথাও হয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ওই জমি ইজারা দেওয়ার ব্যাপারে আমাকে চিঠি দিয়েছেন। কিন্তু এটি সংরক্ষিত বন, ফলে আমরা চাইলেই তা ইজারা দিতে পারি না। আমরা বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোচরে আনার প্রক্রিয়া শুরু করেছি।’
বনভূমি ইজারার বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীও নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা বন বিভাগের কাছে ওই জমির ইজারা চেয়েছি। তারা বিষয়টি প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি করে পাঠাচ্ছে বলে আমাকে জানিয়েছেন।’
মহেশখালী উপজেলার তথ্য বাতায়নে দেখা যায়, ৩৮৮ বর্গকিলোমিটার আয়তনের মহেশখালী দ্বীপে ১ হাজার ৩০২ একর কৃষি খাসজমি এবং ৩ হাজার ৩০৫ একর অকৃষি খাসজমি রয়েছে। বন্দোবস্তযোগ্য অকৃষি খাসজমি রয়েছে ১ হাজার ৩৮২ একর।
বন্য প্রাণী বিশেষজ্ঞ ও পরিবেশবিদেরা বলছেন, মহেশখালীতে সংরক্ষিত বনে দেশ থেকে বিলুপ্তপ্রায় মায়া হরিণ, সরীসৃপজাতীয় প্রাণী, গন্ধগোকুলসহ নানা প্রজাতির প্রাণী রয়েছে। বনভূমি বাদ দিয়ে বন্দোবস্তযোগ্য অকৃষিজমিতে ওই ডিপো করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে বন্য প্রাণী বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু বন্য প্রাণী অ্যাওয়ার্ড বিজয়ী অধ্যাপক রেজা খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তেল ও বিদ্যুৎ কোম্পানিগুলো বেছে বেছে আমাদের সবচেয়ে সমৃদ্ধ বনভূমিগুলোর মধ্যে এবং আশপাশে স্থাপনা তৈরি করছে।’ তিনি বলেন, ‘আমাদের বনভূমি ও জীববৈচিত্র্য ধ্বংস হতে হতে হাতে গোনা কিছু এলাকায় টিকে আছে। একমাত্র চিরসবুজ পাহাড়ি দ্বীপ বন মহেশখালী তাদের মধ্যে একটি।’ সুন্দরবনের পর এখন মহেশখালীর বন ধ্বংসের তৎপরতা শুরু হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
রেজা খান আরও বলেন, ‘এই দ্বীপ বনে এখনো অনেক দুর্লভ প্রাণী ও উদ্ভিদ রয়েছে, যা ধীরে ধীরে আমরা জানতে পারছি। এই পরিস্থিতিতে যদি সেখানে তেলের ডিপোর মতো পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ স্থাপনা তৈরি করা হয়, তাহলে ওই বনের অজানা অনেক প্রাণী এবং উদ্ভিদের খবর জানার আগেই তা চিরতরে ধ্বংস হয়ে যাবে। সরকারের উচিত হবে কোনোভাবেই বনের মধ্যে এ ধরনের স্থাপনা করার অনুমতি না দেওয়া।’