
বৃষ্টি ছাড়াও সড়কের কয়েকটি অংশের গর্তে জমে থাকে পানি। কয়েকটি অংশের গর্তে থাকে শুধু কাদা। পানি আর কাদায় একাকার সড়কের গর্তগুলো। মাঝেমধ্যে এসব গর্তে পড়ে উল্টে যায় যানবাহন। এ দুরবস্থা নরসিংদীর মনোহরদী-হাতিরদিয়া-বেলাব ১৮ কিলোমিটার সংযোগ সড়কের।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটি নির্মাণের এক যুগ পর ২০১২-১৩, ২০১৩-১৪ ও ২০১৫-২০১৬ অর্থবছরে তিন দফায় ১৮ কিলোমিটারের মধ্যে সাড়ে চার কিলোমিটার অংশে সংস্কার করা হয়েছে। বাকি সাড়ে ১৩ কিলোমিটার সড়ক দীর্ঘ দিনেও সংস্কার করা হয়নি। এর ফলে সড়কের এ অংশের পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।
সরেজমিনে দেখা গেছে, সংস্কার হওয়া সাড়ে চার কিলোমিটার অংশের পর প্রতাবমহল থেকে বেলাব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটারের পুরো সড়কেই রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বিশেষ করে প্রতাবমহল মৌলভীবাড়ির সামনে, বাগেরহাট বাজারের ১০০ গজ, সর্বলক্ষণা, পাঁচকান্দি ডিগ্রি কলেজের সামনে দেড় শ গজ, নামা গোতাশিয়া, চুলাবাজার, মামদারটেক, গঙ্গাজলী, হাড়িসাংগান, পাকুরিয়া সেতু, চন্দনপুর, শিমুলতলী বাজার এলাকার বেশির ভাগ জায়গায় পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি ও কাদা জমে আছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক শাহিন মিয়া বলেন, ‘গাতার (গর্ত) মধ্যে পড়লে আর রক্ষা নাই। একটা না একটা কিছু হইবই। হয় যন্ত্রপাতি ভাঙব, না হয় ইঞ্জিনে পানি ঢুইকা বন্ধ হইয়া যাইব। পরে ঠেলা ছাড়া উপায় নাই। আর সবচেয়ে বড় সমস্যা হইল, গাড়ি ধইরা রাখা যায় না। মনে অয় এই বুঝি গাড়ি উল্টায়া যাইতাছে।’
হাতিরদিয়া-বেলাব সিএনজি মালিক সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘এ বেহাল সড়কে বাস, কাভার্ড ভ্যান, সিএনজি, পিকআপ, ট্রলিসহ আমাদের ছোট-বড় দুই শতাধিক যানবাহন চলাচল করে। এ ছাড়া প্রতিদিন থার্মেক্স স্পিনিং মিলের অর্ধশতাধিক ভারী যান চলাচল করে। আর এসব যানে দুই উপজেলার লক্ষাধিক মানুষ চলাচল করে।’ তিনি বলেন, ‘সড়ক বেহাল হওয়ায় প্রায় প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটছে। এতে দুর্ভোগে পড়ছে যাত্রীরা। আর গচ্চা যাচ্ছে আমাদের মালিকদের। কারণ প্রতিদিনই গাড়ির কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।’
নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ফজলে হাবিব প্রথম আলোকে বলেন, ‘অনেক লেখালেখির পর গত দুই অর্থবছরে দুই দফায় তিন কিলোমিটার ও সর্বশেষ গত অর্থবছরে এক কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। বাকি সড়ক কবে নাগাদ সংস্কার করা সম্ভব হবে, তা বলতে পারছি না।’