সংস্কার হচ্ছে না বিধ্বস্ত সড়কটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষ​া মৌসুম আসতে দুই মাসের বেশি সময় বাকি। কিন্তু তার আগেই বৃষ্টিতে মরণফাঁদে পরিণত হয়েছে সিলেটের ধোপাদিঘির পূর্বপাড় সড়কটি। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
বর্ষ​া মৌসুম আসতে দুই মাসের বেশি সময় বাকি। কিন্তু তার আগেই বৃষ্টিতে মরণফাঁদে পরিণত হয়েছে সিলেটের ধোপাদিঘির পূর্বপাড় সড়কটি। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত কর্তৃপক্ষ গত বছরের এপ্রিলে জানিয়েছিল, বর্ষা মৌসুম শেষেই নগরের ধোপাদিঘির পূর্বপাড় এলাকার বিধ্বস্ত সড়কটি সংস্কার করা হবে। আসছে আরেক বর্ষা মৌসুম। কিন্তু সড়কটি এখনো সংস্কার করা হয়নি।
অন্তত পাঁচজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, নগরের অন্যতম গুরুত্বপূর্ণ ধোপাদিঘির পূর্বপাড় এলাকার সড়কটি দুই বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। অথচ এ সড়ক দিয়ে সোবহানীঘাট, উপশহর, বন্দরবাজার, জিন্দাবাজার, জেলরোড, বারুতখানাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ রিকশা ও অটোরিকশায় যাতায়াত করে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, সড়কটির প্রায় আধা কিলোমিটার অংশে পিচ, ইটের খোয়া ও পাথর উঠে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। চালকেরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন। গত দুই দিনের বৃষ্টিতে খানাখন্দে পানি জমে রয়েছে।
স্থানীয় এক ব্যবসায়ীর দাবি, এক সপ্তাহের ব্যবধানে সড়কটিতে অন্তত ১২টি দুর্ঘটনা ঘটেছে। খানাখন্দে রিকশা ও গাড়ি আটকে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন গাড়িচালক ও যাত্রীরা।
বেলা পৌনে দুইটার দিকে সড়কের একটি গর্তে রিকশা উল্টে যায়। এতে রিকশা আরোহী তইবুনন্নেসা বেগম ও তাঁর সাত বছরের ছেলে ইসমাইল আহমদ আহত হন। তইবুনন্নেসার ডান হাতের কনুই ও পিঠ ছিলে গেছে। আর ইসমাইল মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে।
পাঠানটোলার বাসিন্দা রিকশাচালক সাইফুদ্দিন বলেন, গত সপ্তাহে তাঁর রিকশাও উল্টে গিয়েছিল। এতে তিনি ও যাত্রী উভয়েই আহত হন।
কথা হয় ধোপাদিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা রীমা রায়ের সঙ্গে। তিনি বলেন, সড়কটি ভাঙাচোরা হওয়ায় বিশেষ করে বৃষ্টির মৌসুমে বিপজ্জনক হয়ে পড়ে। দেখতে দেখতে আবারও বর্ষা মৌসুম চলে এল। কিন্তু সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
যোগাযোগ করলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, গত বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়ছিল। তবে নিম্নমানের কাজ হতে পারে, এমন আশঙ্কায় স্থানীয় লোকজনের বাধার মুখে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরুই করতে পারেননি। এখন নতুনভাবে সড়কটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই তা শুরু হবে।