সকালের পর কুয়াশা কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে আকাশপথ, সড়কপথ ও নৌচলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ভারী কুয়াশায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার দিবাগত রাত থেকে প্রায় ছয় ঘণ্টা সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ। কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বুধবার দিবাগত রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আজ শুক্রবার দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টার পর থেকে কুয়াশা কমে আসতে পারে। দুপুরের দিকে কুয়াশা আরও কমে আসতে পারে।

গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় যা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিমান চলাচল বন্ধ: বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে গতকাল সকাল সাড়ে নয়টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। ছয় ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ইত্তেহাদ, সাউদিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি ফ্লাইট নির্ধারিত সময়ে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা দিতে পারেনি। অন্যদিকে সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথের ২২টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এ সময় ১৭টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে সময়মতো রওনা দিতে পারেনি।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথ: প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাত একটা থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমলে সকাল সাড়ে আটটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাট থেকে ছেড়ে যাওয়া তিনটি ফেরি কুয়াশার কারণে মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। এতে ফেরিতে থাকা যানবাহনের বিভিন্ন বয়সী যাত্রীরা দুর্ভোগে পড়েন।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ: গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, বুধবার দিবাগত রাত দুইটা থেকে গতকাল সকাল সাড়ে সাতটা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাট থেকে ছেড়ে যাওয়া ছয়টি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।