সড়ক কাদা-পানিতে একাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বটতলা নামাপাড়া এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক এটি। সংস্কারের অভাবে কাদা–পানি জমে যেন চাষ করা জমিতে পরিণত হয়েছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বটতলা নামাপাড়া এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক এটি। সংস্কারের অভাবে কাদা–পানি জমে যেন চাষ করা জমিতে পরিণত হয়েছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটির দুরবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়, স্থানীয় বাসিন্দা ও ত্রিশাল পৌরসভা সূত্রে জানা যায়, ত্রিশাল পৌর শহরের গো-হাটা থেকে সলিমপুর পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে গেছে। চার বছর আগে এটি সংস্কার করা হয়েছিল। এরপর আর সংস্কার না করায় সারা সড়কেই পিচঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। তবে সড়কের গো-হাটা থেকে বটতলা নামাপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত আনুমানিক দেড় কিলোমিটার সড়কের অবস্থা বেশি খারাপ। সড়কের ওই অংশটুকু ত্রিশাল পৌরসভার অধীন।
শিক্ষার্থীরা জানান, গত এপ্রিল মাসে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে সড়কটির অবস্থা খারাপ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের অংশ গর্তে ভরে গেছে। ওই অংশ এখন একেবারেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই সময় এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের বেহাল অংশে মাছ চাষ করে ও ধানগাছ লাগিয়ে প্রতীকী আন্দোলন করেন। এ নিয়ে ওই সময় প্রথম আলোতে সড়কের বেহাল দশা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য গাড়ি চলার জন্য বিকল্প সড়ক আছে। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল উপজেলা সদর বা ময়মনসিংহ যাওয়ার প্রয়োজন হলে ওই সড়কটি ব্যবহার করতে হয়। এই বিশ্ববিদ্যালয়ে চার সহস্রাধিক শিক্ষার্থী আছেন। বিশ্ববিদ্যালয়ে মাত্র দুটি আবাসিক হল আছে। তাই বেশির ভাগ শিক্ষার্থীই আশপাশে ভাড়া বাড়িতে ও ময়মনসিংহ শহরে থাকেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে না পারলে ওই সড়কটি দিয়ে চলাচল করেন। সড়কের অবস্থা খারাপ হওয়ায় ইজিবাইক, রিকশা বা ভ্যানচালকেরা যেতে আগ্রহী হন না।
সড়কটির বেহাল হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদেরও। তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ বা ঢাকা যাওয়া-আসার পথে ওই সড়কটি ব্যবহার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, সড়ক খারাপ হওয়ায় রিকশা চালকেরা অনেক বেশি ভাড়া চান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য ত্রিশাল পৌরসভার মেয়রকে বলেছি। তিনি সংস্কারের ব্যবস্থা করবেন বলে আমাকে জানিয়েছেন।’
ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিচ্ছুজামান বলেন, সড়কটির পৌরসভার অংশের পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পড়েছে। এ কারণে সড়ক সংস্কারের কাজ নিয়ে কিছুটা জটিলতা ছিল। তবে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় দ্রুতই সড়কটি নতুন করে নির্মাণ করা হবে।