সড়ক যখন যন্ত্রণার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কজুড়ে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। তখন সড়কের বিভিন্ন স্থানে ছোটখাট ডোবার মতো হয়ে যায়। ওই ডোবায় পড়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। ঘটে দুর্ঘটনা। ঝাঁকুনির কারণে যাত্রীদের শরীর ব্যথা হয়ে যায়।
দীর্ঘদিন সংস্কার না করায় এ দুরবস্থা হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার সুটিবাড়ি-ডালিয়া সড়কের প্রায় তিন কিলোমিটার অংশের। এতে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ডিমলা উপজেলায় হাজারো মানুষ ভোগান্তি পোহায়। প্রায় দেড় বছর ধরে এ রকম অবস্থা থাকলেও স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি। এ অবস্থায় এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুটিবাড়ি-ডালিয়া সড়কে দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। ডিমলা উপজেলা শহর থেকে স্থানীয় লোকজন সুটিবাড়ি-ছোটখাতা হয়ে ডালিয়া পর্যন্ত ওই পথে লালমনিরহাট, হাতীবান্ধা, পাটগ্রাম ও বুড়িমারি যাতায়াত করেন। ওই পথে প্রতিদিন ঢাকামুখী ছয়টি যাত্রীবাহী বাস চলাচল করে। এ ছাড়া এখান থেকে রংপুর চলাচল করে ১০টি যাত্রীবাহী বাস। এই সড়ক দিয়ে শতাধিক মালবাহী ট্রাক, মিনি ট্রাক, মাইক্রোবাস দেশের বিভিন্ন স্থানে চলাচল করে।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের ওই তিন কিলোমিটার পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি ও কাদামাটিতে একাকার হয়ে আছে পুরো সড়ক। সড়কের গর্তগুলো এক-দেড় ফুট গভীর।
এ সময় কথা হয় অটোরিকশার যাত্রী ছোটখাতা গ্রামের লায়েম আল মামুনের (৩০) সঙ্গে। তিনি বলেন, রাস্তাটা ভয়াবহ খারাপ। এ কারণে এখন বাস চলাচল কমে গেছে। প্রায়ই গর্তে পড়ে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটেছে।
ডালিয়া বাজারের ট্রাক বন্দোবস্তকারী দুলাল দেওয়ান বলেন, ভাঙা রাস্তার কারণে প্রায়ই ট্রাকের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। কখনো কখনো মালামালসহ ট্রাক উল্টে যাচ্ছে। এ কারণে ওই পথে ট্রাক যেতে চায় না। ভাড়াও বেশি দিতে হচ্ছে। তিনি বলেন, প্রতিদিন এই পথে শতাধিক ট্রাক পাথর-বালু নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আগে ডিমলা থেকে রংপুর পর্যন্ত ট্রাক ভাড়া ছিল তিন হাজার টাকা। এখন সেই ভাড়া পাঁচ হাজার টাকা।
ট্রাকচালক জয়নাল আবেদীন বলেন, রাস্তার যে অবস্থা তাতে বেশি ভাড়ায়ও পোষায় না। একবার যন্ত্রাংশ নষ্ট হলে ১৫-২০ হাজার টাকা ধরা খেতে হয়।
সুটিবাড়ি বাজারের ব্যবসায়ী ও রংপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র আবু আলাল হোসেন বলেন, আগে রংপুর থেকে একটা কার্টন আনতে ভাড়া পড়ত ২০ টাকা। এখন রাস্তা ভাঙার কারণে ৫০ টাকা দিতে হয়।
এলজিইডি ডিমলা উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জিকরুল আমিন বলেন, সড়কটির ছোটখাতা গ্রামের তিন কিলোমিটার সংস্কার করা জরুরি। কিন্তু বরাদ্দ না থাকায় করা যাচ্ছে না। তাঁরা বরাদ্দ চেয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে বেশ কয়েকবার প্রস্তাব পাঠিয়েছেন। বরাদ্দ পাওয়া গেলে আগামী অর্থবছরে ওই অংশে কার্পেটিং করতে হবে। এতে খরচ হবে প্রায় ৯০ লাখ টাকা।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য আমি স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি আগামী অর্থবছরের শুরুতে কাজটি শুরু করা যাবে।’