সড়কের পাশে বর্জ্য, দুর্ভোগ

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের উত্তর কুলাউড়া এলাকায় মাহতাব-ছায়েরা উচ্চবিদ্যালয়ের কাছে সড়কের এক পাশে কুলাউড়া পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলে রাখছে। ফলে বর্জ্যের দুর্গন্ধে শিক্ষার্থী, পথচারীসহ আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এ ছাড়া বর্জ্য ফেলায় চলাচলের পথ (ফুটপাত) বন্ধ হয়ে যাওয়ায় ব্যস্ত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা চলাচল করছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে বেশ কিছু জায়গাজুড়ে বর্জ্য ফেলে রাখা। বৃষ্টিতে এসব বর্জ্য ভিজে নোংরা পানি সড়কের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। শিক্ষার্থীরা নোংরা পানি মাড়িয়ে নাকে হাত চেপে জায়গাটি পার হচ্ছে। এর পাশেই কুলাউড়া পৌরসভার উদ্যোগে স্থাপিত হাতের মুঠোয় গোলাপ ধরা ‘স্বাগতম’ লেখা একটি ভাস্কর্য। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বর্জ্য সংগ্রহ করে ১০ থেকে ১২ বছর ধরে এই জায়গায় ফেলা হচ্ছে। আশপাশে বর্জ্য ফেলায় ওই ভাস্কর্যটির সৌন্দর্যও ম্লান হয়ে পড়েছে।
উত্তর কুলাউড়া এলাকার আসবাব তৈরির কারখানার কর্মী রহমত আলী ক্ষোভের সঙ্গে বলেন, ‘দুর্গন্ধে এলাকার লোকজনের বাস করাই দায়। কিন্তু পৌরসভার হর্তাকর্তারা এসব দেখেন না।’
মাহতাব-ছায়েরা উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, আশপাশের সোনাপুর, বিহালা, বিছরাকান্দি, উত্তর কুলাউড়া, নতুন পাড়া, উত্তর জয়পাশা, গিয়াসনগর ও কামারকান্দি গ্রামের অন্তত ৪০০ শিক্ষার্থী প্রতিদিন বর্জ্য ফেলার স্থান দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও উত্তর কুলাউড়ার বাসিন্দা নাহিদ হোসেন চৌধুরী বলে, ‘এইখানে (বর্জ্য ফেলার স্থান) গেলেই বমি বমি ভাব করে। কবে যে এই ময়লা সরানি অইব, জানি না।’
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আজিজ বলেন, বর্জ্য নিয়ে দুর্ভোগের শেষ নেই। এতে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। এ ছাড়া বর্জ্যের কারণে সড়কের এক পাশের ফুটপাত বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় স্কুলের ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে ওই স্থানটি অতিক্রম করে। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পৌরসভার মেয়রের কাছে গিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে। কিন্তু বিষয়টির সুরাহা হয়নি।
কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই এলাকায় একটু ভেতরে বর্জ্য ফেলার নির্ধারিত স্থান আছে। কিন্তু রাস্তা খারাপ থাকায় সেখানে বর্জ্যবাহী গাড়ি ঢুকতে পারে না। সে কারণে পরিচ্ছন্নতাকর্মীরা সড়কের পাশে বর্জ্য ফেলে রেখে আসেন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত এসব বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে