সড়কের পাশের গাছে মড়ক, দুর্ঘটনার আশঙ্কা
নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনি এলাকার শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়কের পাশের পুরোনো রেইনট্রি গাছগুলো অজ্ঞাত রোগে মরে যাচ্ছে। এগুলোর ডালপালা পড়ে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ সড়ক দিয়ে এখন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৮৭০ সালে সৈয়দপুরে তৎকালীন আসাম-বেঙ্গলের বৃহত্তম রেল কারখানা গড়ে ওঠে। তখন রেলওয়ে অফিসার্স কলোনি এলাকায় বসবাস করতেন ইংরেজ কর্মকর্তারা। ওই কর্মকর্তাদের যাতায়াতের জন্য সড়ক নির্মাণ করা হয়। রেল কারখানা থেকে পাঁচ কিলোমিটার দূরের অফিসার্স কলোনিমুখী ওই সড়কের উভয় পাশে ব্রিটিশ আমলে রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছের চারা লাগানো হয়। রেলওয়ের পূর্ত বিভাগ এখন এগুলো দেখভাল করছে।
শহরের পাঁচমাথা মোড়ের মোকিম মোটরসাইকেল রিপেয়ারিং শপের মালিক মো. মোকিম জানান, তাঁর দোকানঘরের চালের ওপর বিশাল একটি রেইনট্রি গাছ রয়েছে। সম্প্রতি গাছটির বেশ কিছু ডালপালায় মড়ক ধরেছে। আর কাণ্ড ও শিকড়ে বাসা বেঁধেছে পিঁপড়ার দল। এ ধরনের অসংখ্য মরা গাছ রয়েছে অফিসার্স কলোনি এলাকায়। এলাকাবাসী জানান, ওই সড়কের পাশে প্রায় দেড় শ বছর আগে লাগানো দুই হাজার গাছের মধ্যে দুই শতাধিক গাছে মড়ক ধরেছে।
সৈয়দপুর পৌরসভার মেয়র বখতীয়ার কবির বলেন, ‘অফিসার্স কলোনি এলাকায় রেইনট্রি গাছগুলো শহরের সৌন্দর্য বাড়াচ্ছে। খুব ছেলেবেলা থেকে এসব গাছ দেখছি। ওই এলাকা অতিক্রম করে সৈয়দপুর সেনানিবাস, বিমানবন্দর ও উপজেলা পরিষদে যেতে হয়। একই সঙ্গে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, সরকারি কারিগরি মহাবিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়ক ব্যবহার করেন। মরা গাছগুলো ঝড়ে অথবা সামান্য বাতাসেই ভেঙে পড়ার আশঙ্কা থাকায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব কেটে ফেলাই উচিত। তবে কাটার আগে রেলওয়ে কর্তৃপক্ষের নতুন করে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা উচিত।’
সৈয়দপুর কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম জানান, গাছগুলো ডাইব্যাক নামের একধরনের ছত্রাকে আক্রান্ত হয়েছে। ঘন কুয়াশার কারণে গাছগুলো আক্রান্ত হয়েছে। এই ছত্রাকের কারণে গাছের গোড়া পর্যন্ত পচে যায়। এতে গাছ উপড়ে পড়ে যাওয়ার আশঙ্কা আছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক নূর আহম্মেদ হোসেন বলেন, গাছগুলো যেকোনো সময় মানুষের মাথায় ভেঙে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের জন্য পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ের পূর্ত বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘কতগুলো গাছে মড়ক ধরেছে, তার কোনো পরিসংখ্যান আমাদের হাতে নেই। ঝুঁকিপূর্ণ ও মরা গাছগুলো কাটার ব্যাপারে তালিকা প্রণয়নের কাজ চলছে। শিগগিরই এসব কাটার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমরা বৃক্ষরোপণ অব্যাহত রাখব।’