সড়কের মাঝে ঢিবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কেডিএ সড়কের মাঝে এভাবে ছোট–বড় ঢিবির সৃষ্টি হয়েছে। এর ফলে ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। বৃষ্টিতে সমস্যা হয় সবচেয়ে বেশি। গতকালের ছবি l প্রথম আলো
খুলনার কেডিএ সড়কের মাঝে এভাবে ছোট–বড় ঢিবির সৃষ্টি হয়েছে। এর ফলে ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। বৃষ্টিতে সমস্যা হয় সবচেয়ে বেশি। গতকালের ছবি l প্রথম আলো

একাধিক বেসরকারি হাসপাতাল, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা ও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে খুলনা শহরের কেডিএ সড়কে। গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। মাঝখানে বহু ছোট-বড় ঢিবির সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ।
নগরবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের তদারকি নেই। এ কারণেই সড়কের এমন পরিস্থিতি দাঁড়িয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ গত বুধবার মোটরসাইকেল থেকে পড়ে একজনের হাত ভেঙে যায়।
শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা হয়ে রয়েল মোড় পর্যন্ত চার লেনবিশিষ্ট এই সড়ক প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। এটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার যান চলাচল করে। সড়কের তেঁতুলতলা মোড় থেকে শিববাড়ি পর্যন্ত বিভাজকের পূর্ব পাশে ঢিবির সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে বিটুমিন এক ফুটের মতো উঁচু হয়ে গেছে। সড়কের মাঝের অংশ উঁচু হয়ে যাওয়ায় যানবাহন এক পাশ দিয়ে যায়। একটু বৃষ্টি হলেই সড়কের নিচু অংশ ডুবে যায়। তখন ঝুঁকি আরও বাড়ে।
এ সড়ক দিয়ে নিয়মিত মোটরসাইকেলে করে যাতায়াত করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসিবুর রহমান। তিনি বলেন, রাস্তার মাঝখানে তৈরি হওয়া ঢিবিতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একবার তাঁর মোটরসাইকেলও উল্টে গিয়েছিল। বৃষ্টি হলে ঢিবি দেখা যায় না।
জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী-২ লিয়াকত আলী খান প্রথম আলোকে বলেন, ছয়-সাত বছর আগে তৈরি এ রাস্তায় গত বছর গ্রীষ্মে হঠাৎ ঢেউ খেলে গিয়েছিল। তা মেরামতও করা হয়। অতিরিক্ত গরমের কারণে এ বছর সংস্কার করা ওই অংশের বিটুমিন সরে গিয়ে আবার ঢেউ আকারে জমাট বেঁধেছে।
নির্বাহী প্রকৌশলী-৩ মশিউজ্জামান খান গতকাল শুক্রবার বলেন, সড়কটি সংস্কারের জন্য ১ কোটি ৮০ লাখ টাকার দরপত্রের কার্যাদেশ দেওয়া হয়েছে। দুজন ওয়ার্ড কাউন্সিলর ও একজন নারী কাউন্সিলরকে কাজটি তদারকের দায়িত্ব দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে কাজ শুরু হবে।