সপ্তপদ্মরাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই জাতীয় উদ্যানে সপ্তপদ্মরাগ প্রজাপতি l ছবি: লেখক
কাপ্তাই জাতীয় উদ্যানে সপ্তপদ্মরাগ প্রজাপতি l ছবি: লেখক

সাতছড়ি জাতীয় উদ্যানের উল্টো পাশের ছাপরা হোটেলে পরোটা-ডাল ও ডিম ভাজা খাচ্ছিলাম। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। খানিক পর বৃষ্টি থেমে ঝলমলিয়ে রোদ উঠল। আর কোথা থেকে যেন আলতা-লাল আর কালো ডানাওয়ালা এক পতঙ্গ উড়ে এসে হোটেলের সামনের খোলা জায়গার মাটিতে বসল! তাকে বেশ অস্থির লাগছে। এই বসছে, এই উড়ছে। তবে, সে ঘুরে ঘুরে একই জায়গায়ই আসছে। ছবি তুলতে শুরু করলাম। তবে ওর অস্থিরতার জন্য ছবি ভালো হচ্ছিল না। কিছুদিন আগে কাপ্তাই ও লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ওর ভালো ছবি পেয়েছি।
আলতা লাল দেহের কালো ডানাওয়ালা এই পতঙ্গ এ দেশের সচরাচর দৃশ্যমান এক প্রজাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বাশার ও তাঁর গবেষক দল এর নাম দিয়েছেন সপ্তপদ্মরাগ। আর পশ্চিমবঙ্গে এটি আলতে নামে পরিচিত। সপ্তপদ্মরাগের ইংরেজি নাম Common Rose। Papilionidae পরিবারভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম pachliopta aristolochiae.
প্রসারিত অবস্থায় সপ্তপদ্মরাগের এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ৮০-১১০ মিলিমিটার। সপ্তপদ্মরাগের দেহ আলতা লাল, তবে ওপরের অংশে বড় কালো দাগ ও নিচে কালো ছোপছিট। সামনের ডানা পুরোপুরি কালো হলেও পেছনের ডানার মধ্য অংশে সাদা ছোপ ও কিনারায় গোলাপি-বাদামি ফোঁটা রয়েছে। ডানার নিচের অংশে গিয়ে যেগুলো আরও বড় ও লাল হয়ে গেছে। পেছনের ডানায় একটি করে সুন্দর লেজ রয়েছে। চোখ, শুঁড় ও পা কালো। পুরুষ ও স্ত্রী প্রজাপতি দেখতে একই রকম।
সপ্তপদ্মরাগ বাংলাদেশের সবখানেই পাওয়া যায়। তবে, সুন্দরবনসহ বিভিন্ন ধরনের বনাঞ্চল, বনের কিনারা, চষা জমি, ঝোপ-জঙ্গল ও উন্মুক্ত এলাকায় বেশি দেখা যায়। এরা মাটি থেকে ৩-৪ মিটার ওপরে ধীরে ডানা ঝাপটানোর মতো করে ওড়ে। গাছের মগডালে রোদ পোহায়। কখনো কখনো ভেজা বালু বা স্যাঁতসেঁতে মাটির রস চুষতে দেখা যায়। মধুর জন্য ফুলে ফুলে উড়ে বেড়াতে ও পানির কাছাকাছি থাকতে পছন্দ করে।
স্ত্রী প্রজাপতি ঈশ্বরমূল, গন্ধম প্রভৃতি পোষক গাছের পাতার ওপর একটি করে ডিম পাড়ে। সরু কালো দাগছোপসহ গোলাকার এ ডিমের রং লালচে। তিন দিনে ডিম ফুটে কালচে লাল কণ্টকময় শূককীট বের হয়, যার মাঝামাঝি সাদা দাগ থাকে। পাঁচবার খোলস পাল্টে শূককীট ১৪-১৫ দিনে মূককীটে রূপান্তরিত হয়। প্রায় ১১-১২ দিন পর মূককীটের খোলস কেটে নতুন প্রজাপতি বেরিয়ে আসে নীল আকাশে স্বপ্নের ডানা মেলে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও চীনে এদের দেখা যায়।