সব কণ্ঠে ঐক্যের সুর

পরিবেশ বিপর্যয় রোধে ‘সমগ্র মানবতার জন্য আশা’ জাগানোর মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল সোমবার শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দেশ টুভালুর প্রধানমন্ত্রী এনেলি সোসেনে সোপোআগা থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ১৫১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা হাজির ছিলেন প্যারিসের শহরতলি লো বুর্জের সম্মেলনস্থলে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতারা দিনমান বক্তব্য দিলেন। কার্বন নিঃসরণকারী বড় অর্থনীতির দেশগুলোর প্রধানদের স্বীকারোক্তি আর উন্নয়নশীল জলবায়ু পরিবর্তনের দেশের প্রতিনিধিদের উদ্বেগ—এ ছিল উদ্বোধনী দিনের কথামালায়। তবে ধনী হোক, দরিদ্র হোক—পৃথিবী নামের এই গ্রহের অস্তিত্ব রক্ষায় কার্বন নিঃসরণ কমাতে সবার কণ্ঠেই শোনা গেল ঐক্যের সুর।
জাতিসংঘের অধীনে ১৯৫টি দেশ এবারের সম্মেলনে একটি জলবায়ু চুক্তি সম্পাদনের চেষ্টা করছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কার্বন নির্গমন কমানোই বিশ্বনেতাদের লক্ষ্য।
গত মাসেই জঙ্গি হামলার শিকার আয়োজক শহর প্যারিসে সম্মেলন উপলক্ষে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। জাতিসংঘ বলেছে, ইতিহাসে এক দিনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের বৃহত্তম সমাবেশ ঘটে গতকাল।
এই বৃহত্তম সমাবেশের প্রসঙ্গেই ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁাসোয়া ওলাঁদ উদ্বোধনী ভাষণে বললেন, এর আগে কোনো আন্তর্জাতিক সম্মেলনে এত দেশের নেতা হাজির হননি। এর কারণ, এ গ্রহের ভবিষ্যৎ নিয়ে সবাই উদ্বিগ্ন, উদ্বিগ্ন জীবন নিয়েও। ওঁলাদ বলেন, ‘এখন আমাদের সবার কাঁধেই সমগ্র মানবতার আশা ভর করে আছে।’
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ যদি দ্রুত কমানো না যায়, তবে বিশ্বব্যাপী বাড়তে থাকবে খরা, বন্যা, ঝড়সহ নানা দুর্যোগ। এর ফলে ঘটবে ফসলহানি, বাড়বে ক্ষুধা। বিপন্ন হবে দ্বীপরাষ্ট্রগুলোর অস্তিত্ব।
উদ্বোধনী অনুষ্ঠানে সে কথা স্মরণ করিয়ে দিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, বিশ্বের তাপমাত্রা যদি দুই ডিগ্রিও বাড়ে, তাহলে বিশ্বজুড়ে মারাত্মক খাদ্য ও পানির সংকট দেখা দেবে। বিশ্বজুড়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ও শান্তি নষ্ট হবে।
ভাষণে বান কি মুনের কণ্ঠে ছিল অনুরোধ ও আশাবাদ। এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশের পক্ষ থেকে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা এক অর্থে ইতিবাচক, কেননা এতে পৃথিবীর ৯৫ শতাংশ কার্বন নিঃসরণকারী তাদের নিজ দেশের পক্ষে অঙ্গীকার করল। কিন্তু এটা যথেষ্ট নয়। কেননা এই শতাব্দীর শেষে মোট তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে চাই, তাহলে আরও দ্রুত ও বেশি পরিমাণে কার্বন নিঃসরণ কমাতে হবে।’
বিশ্বনেতাদের উদ্দেশে বান কি মুন বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে আপনাদের ক্ষমতাকে ব্যবহার করুন।
বিশ্বনেতাদের ভাষণেও সুন্দর ও নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয় উঠে আসে। বারাক ওবামা বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং দ্বিতীয় বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশের প্রেসিডেন্ট হিসেবে এ সমস্যা সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা শুধু স্বীকার করছি না, এর জন্য কিছু করার দায়িত্বও গ্রহণ করছি।’
বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের চিরবৈরী রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ওবামার সুরেই যেন কথা বলেছেন। তিনি রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতি ও পরিবেশ সুরক্ষা—দুটিকেই একই সঙ্গে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
জলবায়ু পরিবর্তনে ধনী দেশগুলোর ভূমিকাই বেশি, আর নির্দোষ ভুক্তভোগী দরিদ্র দেশগুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সে কথার সূত্র ধরেই বললেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভিন্নতাকে বিবেচনায় নিতে হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর কথা আমাদের মনে রাখতে হবে।
গতকাল বিশ্বের ৫০টি দেশের রাষ্ট্রপ্রধান সম্মেলনের বিভিন্ন মিলনায়তনে নিজ নিজ দেশের পক্ষে বক্তব্য দেন। বেশির ভাগ দেশের রাষ্ট্রপ্রধান প্যারিস সম্মেলনে যে চুক্তি হবে তাতে আইনি বাধ্যবাধকতা রাখার পক্ষে মত দেন। তবে বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী শিল্পোন্নত রাষ্ট্রগুলো প্যারিস সম্মেলনে চুক্তির পক্ষে আশাবাদী বক্তব্য দিলেও ওই চুক্তি আইনগত বাধ্যবাধকতা সহ হবে কিনা সে সম্পর্কে কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি।
বাংলাদেশকে স্মরণ ফেবিয়াসের: সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় আয়োজক দেশ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াস বলেছেন, ‘সম্মেলনের আগে আমি বাংলাদেশের উপকূলীয় এলাকায় গিয়েছিলাম। সেখানে এক দরিদ্র নারীর সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আমার ঘর নয়বার ভেঙেছে। আমি সব হারিয়েছি। তোমরা কি জলবায়ু সম্মেলনে এমন কিছু করতে পারবে, যা আমার এই ক্ষতি বন্ধ করবে? আর যাতে আমি ঘর না হারাই, সে ব্যবস্থা করবে”।’
লরাঁ ফেবিয়াস বলেন, ‘বাংলাদেশের ওই নারীর মতো আর কেউ যাতে এমন ক্ষতির মুখে না পড়ে, আমাদের সেই চেষ্টা করতে হবে। এমন একটি চুক্তি প্যারিসে করতে হবে, যাতে বিশ্বের জলবায়ু পরিবর্তন বন্ধ হয়।’
মোদির সঙ্গে মঞ্জুর শুভেচ্ছা বিনিময়: পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্যারিসে গতকাল শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ওই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মোদি বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ সব সময় আমার হৃদয়ে আছে।’