সবুজ তহবিলে লাভ হবে বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির বার্লিনে গত বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সম্মেলনে ৩০টির মতো দাতা দেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্যের লক্ষ্যে গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (সবুজ তহবিল)-এ ৯ দশমিক ৩ বিলিয়ন ডলার চাঁদা দিতে সম্মত হয়েছে। এ তহবিল থেকে উপকৃত হবে বাংলাদেশ।
জাতিসংঘের তত্ত্বাবধানে সংগঠিত এই তহবিলের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ফলে যেসব উন্নয়নশীল দেশ মারাত্মক হুমকির সম্মুখীন, তাদের অবকাঠামো নির্মাণ ও সমন্বিত প্রতিকার কর্মসূচি গ্রহণে সহায়তা।
প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় বিশিষ্ট জলবায়ুবিজ্ঞানী ্ লন্ডনভিত্তিক পরিবেশ ও উন্নয়ন-সংক্রান্ত আন্তর্জাতিক ইনস্টিটিউটের সিনিয়র ফেলো সলিমুল হক বলেন, যেসব উন্নয়নশীল দেশ এই তহবিল থেকে উপকৃত হবে, বাংলাদেশ তার একটি। এই তহবিল থেকে প্রদত্ত অর্থ কীভাবে ব্যবহার করা হবে, সে লক্ষ্যে বাংলাদেশ ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগকে (ইআরডি) দায়িত্ব দিয়েছে। ইআরডি সচিব ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া সফর করে এই তহবিলের প্রধান দপ্তরে তার নির্বাহী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই তহবিলের অর্থ সাহায্যে যেসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব, সে বিষয়ে প্রথমিক আলাপ-আলোচনা করেছেন।
‘ঠিক কী পরিমাণ অর্থ আমরা এই তহবিল থেকে পাব, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে আমরা উপকৃত হব, এমন আশাবাদ অবশ্যই ব্যক্ত করা যায়।’ সলিমুল হক প্রথম আলোকে জানান। বাংলাদেশ ইতিমধ্যে একটি বহুমুখী জলবায়ু রণকৌশল গ্রহণ করেছে, যার রয়েছে ছয়টি সুনির্দিষ্ট ক্ষেত্র এবং কমপক্ষে ৪০টি প্রত্যক্ষ কর্মসূচি। এর অনেকগুলোতে কাজ শুরু হয়ে গেছে। সলিমুল হক জানান, এসব প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ মুখ্যত নিজস্ব তহবিল থেকে সম্পদ সংগ্রহ করছে। এই উদ্দেশ্যে ৫০০ মিলিয়ন ডলারের দুটি ভিন্ন ভিন্ন তহবিল গঠিত হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ছাড়াও গবেষণা, প্রযুক্তি ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতেও এই অর্থ ব্যবহৃত হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সাহায্যের লক্ষ্যে জাতিসংঘ এর আগে ১০০ বিলিয়ন ডলারের এক তহবিল গঠনের পরিকল্পনা নিয়েছিল। আশা করা হয়েছিল, বার্লিন সম্মেলনে বিভিন্ন দাতা দেশ এই তহবিলের জন্য ১০ বিলিয়ন ডলার চাঁদা দিতে সম্মত হবে। লক্ষ্যমাত্রা অর্জন না হলেও এই তহবিলের জন্য চাঁদার ব্যাপারে যে প্রতিশ্রুতি পাওয়া গেছে, তাতে জাতিসংঘ সন্তোষ প্রকাশ করেছে। বিশ্ব সংস্থার একজন মুখপাত্র এই প্রতিনিধির সঙ্গে আলাপকালে মন্তব্য করেন, যে প্রতিশ্রুতি পাওয়া গেছে তা চূড়ান্ত তহবিলের জন্য প্রাথমিক চাদা, তাঁর কথায় ‘ডাউন পেমেন্ট’। ২০২০ সাল নাগাদ এই তহবিল লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে বলে মুখপাত্রটি আশাবাদ ব্যক্ত করেন।
জাতিসংঘের এই তহবিল থেকে বাংলাদেশ যে অনুদান পাবে, সলিমুল হক মনে করেন তার অধিকাংশই উপকূলীয় অঞ্চলে সুনির্দিষ্ট প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত হবে। এসব প্রকল্পের মধ্যে থাকবে সুপেয় পানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকায় ‘বিমা’ ব্যবস্থা প্রবর্তনের একটি পরিকল্পনার কথাও জাতিসংঘের তরফ থেকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে সলিমুল হক প্রথম আলোকে জানান, জলবায়ু বিমার ধারণা নতুন, বাংলাদেশে এ ব্যাপারে সবে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রগতি বিমা নামে একটি সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিটিশ সাহায্য সংস্থা অক্সফামের সঙ্গে যৌথভাবে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পূর্বনির্ধারিত মাত্রা বা ইনডেক্সের ভিত্তিতে ক্ষতিপূরণ দেবে। বন্যার নির্ধারিত মাত্রা অতিক্রম করেছে এমন সব ক্ষতিগ্রস্ত চাষি এই বিমার আওতায় পড়বেন। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থানুকূল্যে এই বিমা প্রকল্প আরও সম্প্রসারিত করা হবে বলে সলিমুল হক জানান।
জলবায়ু-সংকটের একটি প্রধান কারণ জীবাশ্মভিত্তিক জ্বালানি থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসের ক্ষতিকর প্রভাব কমানোর একটি সম্ভাব্য উপায় হলো বায়ু ও সৌরশক্তি থেকে বিকল্প বিদ্যুৎ আহরণ। নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহারেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ৩০ লাখের অধিক গৃহে সৌরশক্তি উৎপাদনে সক্ষম সোলার ফটোভলটিক প্যানেল বা পিভি স্থাপনা সমাপ্ত করেছে।
বিশ্বব্যাংক বলেছে, পিভি প্যানেল স্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে অনেকের চেয়ে এগিয়ে। ব্যাংকের হিসাব অনুসারে, বাংলাদেশ বর্তমানে তার উৎপাদিত বিদ্যুতের ৯ শতাংশ সৌর প্যানেলের সাহায্যে সংগ্রহে সক্ষম হচ্ছে।
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন রিসার্চের পরিচালক অধ্যাপক ডগলাস ক্রফোর্ড-ব্রাউন, এই প্রতিনিধির প্রশ্নের জবাবে তাঁর লিখিত মন্তব্যে সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তাঁর কথায়, বাংলাদেশ প্রতিবছর প্রায় ১০ লাখ সোলার ইউনিট স্থাপনার মাধ্যমে এই ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি করেছে। এ ধারা বজায় থাকলে তারা নির্ধারিত সময়ের মধ্যে শুধু সৌরশক্তি থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। এর ফলে ৬০ থেকে ৮০ লাখ লোক উপকৃত হবে।
বাংলাদেশ গ্রিনহাউস গ্যাসের প্রধান উৎপাদক নয়, এ কথা উল্লেখ করে ডগলাস ক্রফোর্ড-ব্রাউন জানান, তা সত্ত্বেও সৌরশক্তির কারণে বাংলাদেশের গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই তার প্রভাব হবে ইতিবাচক। কিন্তু এ মুহূর্তে বাংলাদেশ যে সৌরশক্তি উৎপাদন করছে তা অন্যান্য জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংযুক্ত হচ্ছে মাত্র। অন্যকথায়, এর ফলে বাংলাদেশ যে পরিমাণ ক্ষতিকর কার্বন গ্যাস নির্গত করে, তার কোনো হেরফের হচ্ছে না। তা সত্ত্বেও এ কথা অনস্বীকার্য যে সৌরশক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ফলে সেখানে কার্বন-ঘনত্ব (কার্বন-ইনটেনসিটি) হ্রাস পাচ্ছে। ‘সোজাকথায়, বাংলাদেশ ঠিকপথেই এগোচ্ছে,’—ডগলাস ক্রফোর্ড-ব্রাউন জানান।
সৌরশক্তি ব্যবহারের এই প্রকল্প এখনো শহুরে এলাকায় অত্যন্ত সীমিত। কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে তার ব্যবহার নেই। এ কথা বলা হলে সলিমুল হক প্রথম আলোর প্রতিনিধিকে মনে করিয়ে দেন, গ্রামাঞ্চলে যেখানে আগে বিদ্যুতের কথা কল্পনা করা যেত না, এখন সেখানে ছেলেমেয়েরা রাতে পর্যাপ্ত আলোয় লেখাপড়ার সুযোগ পাচ্ছে। সৌরশক্তি বাংলাদেশে অনেক আগে থেকেই ব্যবহৃত হচ্ছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তার উৎপাদন ও ব্যবহার বহুগুণে বেড়েছে। সলিমুল হক মনে করেন, এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, উন্নত প্রযুক্তির ব্যবহার। আগে সোলার প্যানেল বসানো হতো ঠিকই কিন্তু কোনো সমস্যা হলে তা মেরামতের ব্যবস্থা ছিল না। এখন সে সুযোগ বেড়েছে। দ্বিতীয় কারণ, অর্থায়নের সুযোগ।
বাংলাদেশ সৌরশক্তির ব্যবহার বৃদ্ধির জন্য এ পর্যন্ত যে আন্তর্জাতিক সাহায্য লাভ করেছে তার সিংহভাগ এসেছে বিশ্বব্যাংক থেকে। এই ব্যাংক চার লাখ ৮০ হাজার গৃহে সৌরশক্তি পৌঁছে দিতে বাংলাদেশকে মোট ৭৮.৪ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে।
এই প্রকল্পের মূল্যায়ন জানতে চাইলে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের একজন মুখপাত্র ব্যাংক কর্তৃক প্রস্তুত একটি প্রাথমিক প্রতিবেদনের প্রতি প্রথম আলোর দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রতিবেদন অনুসারে, সৌরশক্তি ব্যবহারের ফলে গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ পরিবর্তন অর্জিত হয়েছে। ২০০২ সালে যেখানে বাংলাদেশের মাত্র সাত হাজার গৃহে সৌরশক্তি ব্যবহৃত হতো, এখন সেখানে ১৪ লাখের ওপর গ্রামীণ বাসগৃহে বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
তৃতীয় বিশ্বের দেশগুলো জলবায়ু পরিবর্তনে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হবে এবং সে সংকট কাটাতে তারাই সবচেয়ে কম প্রস্তুত, এ রকম একটি ধারণা বিশেষজ্ঞ মহলে চালু আছে। সলিমুল হকের মতে, বাংলাদেশের ক্ষেত্রে এই ধারণা মোটেই কার্যকর নয়। স্থানীয় জনগোষ্ঠীর মাধ্যমে জলবায়ু-সংকট মোকাবিলায় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ অন্য অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকাতেও সৌরশক্তি ব্যবহারে বাংলাদেশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে সলিমুল হক বলেন, বলতে পারেন এই ক্ষেত্রে বাংলাদেশ হলো বিশ্বের ‘অভিযোজন রাজধানী’ (অ্যাডাপ্টেশন ক্যাপিটাল অব দি ওয়ার্ল্ড)।