
উপকূলীয় এলাকা পটুয়াখালী জেলার কলাপাড়ায় গিয়েছি। সামনেই আন্ধারমানিক নদ, এর দুপাশে লোনাজলবন (ম্যানগ্রোভ)। নদের পারে লোনাজলবনের পাশে দাঁড়িয়ে মনটা ভালো হয়ে গেল। মেঘের আড়াল থেকে সুয্যি মামা উঁকি দিচ্ছে। তীক্ষ্ণ কণ্ঠের ‘ক্রেরক...ক্রেরক...ক্রেরক...ক্রেরক’ শব্দটি কানে ভেসে এল, আর ঝপ করে পানিতে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি নীলচে-সবুজ ও সাদা একটি পাখি মুখে মাছ নিয়ে লোনাজলে দাঁড়িয়ে থাকা ছইলা গাছে বসল। মাছ মুখে নিয়েই শিকারের খুশিতে আরেকবার ডাকল। এভাবে বার কয়েক মাছ শিকার করে ÿক্ষুধা মিটিয়ে পাশের কড়ইগাছের ডালে বসল। কিছুক্ষণ পর উড়াল দিল।
এটি এ দেশের আবাসিক পাখি সবুজাভ মাছরাঙা। সাদাগলা মাছরাঙা নামেও পরিচিত। ইংরেজি নাম Collared Kingfisher, White-collared Kingfisher বা Mangrove Kingfisher। Alcedinidae পরিবারের পাখিটির বৈজ্ঞানিক নাম todiramphus chloris. পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা এই মাছরাঙার ৪৯টি উপপ্রজাতির মধ্যে একমাত্র T. c. humii উপপ্রজাতিটিকেই বাংলাদেশে দেখা যায়।
সবুজাভ মাছরাঙা বড় মাথা, খাটো পা ও শক্তপোক্ত দেহের পাখি। লম্বায় ২৩-২৫ সেন্টিমিটার। ওজনে পুরুষ ৫১-৯০ ও স্ত্রী ৫৪-১০০ গ্রাম। এদের মাথা, পিঠ ও কোমর নীল এবং তাতে ফিরোজার আভা। ডানা ও লেজেও তা-ই। ঘাড়-গলায় স্পষ্ট সাদা গলাবন্ধ। বুক, পেট ও লেজের তলা সাদা। চোখ গাঢ় বাদামি। পা ও পায়ের পাতা গাঢ় ধূসর। ঠোঁট সোজা, শক্তিশালী ও ড্যাগারের মতো চোখা। এক চোখের পেছন থেকে অন্য চোখ পর্যন্ত ঘাড়ের ওপর কালো বন্ধনী। অপ্রাপ্তবয়স্ক পাখির পালক কিছুটা ফ্যাকাশে। এদের গলাবন্ধনী নীলচে ও বুকে ছোট ছোট কালো আঁইশের মতো দাগ থাকে।
সবুজাভ মাছরাঙা সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি। এরা লোনাজলবনের পাখি। উপকূলীয় নদী, সমুদ্রসৈকত, জোয়ার-ভাটায় সিক্ত খাঁড়ি ও মোহনা, সুন্দরবনের জলা ও বনের কিনারা ইত্যাদিতে বিচরণ করে। শিকারের জন্য পানি থেকে ১-৩ মিটার উঁচু গাছের ডালে বসে থাকে। শিকার পেলে দ্রুতগতিতে ঠোঁটে গেঁথে নেয়। মূলত কাঁকড়া, মাছ, পোকামাকড়, টিকটিকি, ছোট সাপ, পাখির বাচ্চা ইত্যাদি খায়।
এপ্রিল-মে প্রজননকাল। স্ত্রী ২-৫টি গোলাকার সাদা ডিম পাড়ে, যা প্রায় ২৫ দিনে ফোটে। মা-বাবা উভয়েই ডিমে তা দেয় এবং বাচ্চাদের খাওয়ায়। বাচ্চারা ২৯-৩০ দিনে উড়তে শেখে ও প্রায় ৪৪ দিনে বাসা ছাড়ে। এরা প্রায় ১১ বছর পর্যন্ত বাঁচে।